সংগৃহীত
Bangla Jago Desk: গত ১০ মাস ধরে হামাস নিধনে গোটা গাজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েল। হাজারও চেষ্টা চললেও কিছুতেই থামছে না রক্তপাত। এখনও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি ফৌজ। আবারও গাজার একটি স্কুলে অগ্নিবর্ষণ করে ইজরায়েল। মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে আল শাহবার ওই স্কুলে। পর পর মর্টার হামলায় স্কুলের বেশির ভাগ অংশ ভেঙে পড়ে। আগুন ধরে যায় গোটা স্কুলে। সেখানেই আশ্রয় নিয়েছিলেন বহু শরণার্থী।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, চারদিকে শুধু পোড়া মৃতদেহ ছড়িয়ে ছিটিয় পড়ে রয়েছে। ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার ওই স্কুলে ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১০০ জন। এমনটাই দাবি করেছে গাজার স্বাস্থ্যমন্ত্রক। তবে এই হামলা নিয়ে মুখ খুলেছে তেল আভিভও। তাদের দাবি, গাজার ওই স্কুল আদতে হামাসের ঘাঁটি ছিল। সন্ত্রাসী কার্যকলাপ রুখতে এই অভিযান চালানো হয়েছে বলে জানাগিয়েছে।
গাজার প্রশাসন সূত্রে খবর, এর আগে বৃহস্পতিবার গাজার আরও দুটি স্কুলে হামলা চালায় ইজরায়েলি ফৌজ। সেই দুটি হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন। ১০ মাস কেটে গিয়েছে গাজায় হামাস বনাম ইজরায়েল যুদ্ধ। হামাস নিধনে গোটা গাজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েল।
অভিযান শুরু করার পর থেকে ইহুদি দেশটির সেনার অভিযোগ ছিল, গাজার বিভিন্ন হাসপাতাল, স্কুল, ধর্মীয়স্থানে লুকিয়ে রয়েছে হামাস জঙ্গিরা। সেখান থেকেই তাঁরা নানা সন্ত্রাসী কাজকর্ম করছে, সেনার উপর হামলা চালাচ্ছে। এই কারণকে সামনে রেখে শনিবার গাজা শহরের আল শাহবার ওই স্কুলে বোমাবর্ষণ করে ইজরায়েল বলে খবর। টেলিগ্রামে এই ঘটনাকে ভয়ংকর ‘গণহত্যা’ বলে জানিয়েছেন গাজা ডিফেন্স এজেন্সির মুখপাত্র মহম্মদ বাসাল।