চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: চলতি আফগান-পাক অশান্তি পর্বে নতুন মোড়। কার্যত ভেস্তে গেল দুই দেশের মধ্যে হওয়া তৃতীয় শান্তি বৈঠক। রীতিমতো অচলাবস্থা দেখা যায় বলে জানা গিয়েছে। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফ এর জন্য অবশ্য আফগানিস্তানকে দায়ী করেছেন। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে কতক্ষণ পর্যন্ত বহাল থাকবে যুদ্ধবিরতি।
যুদ্ধবিরতির লক্ষ্যে এই বৈঠক বসেছিল কাতারের মধ্যস্থতায়। অ্যাসোসিয়েট প্রেসার এক প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার জিও নিউজ়ের সঙ্গে কথা বলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফ এবং শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার বিষয়টি জানান। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে যতক্ষণ না কোনও আক্রমণ শুরু হয় আফগান ভূখণ্ড থেকে, যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে।
জানা গিয়েছে, পাকিস্তানের তরফ থেকে আফগানিস্তানের তালিবান সরকারকে, সীমান্তে যে আর কোনও সংঘর্ষ হবে না, তা লিখিত আকারে দিতে বলা হয়। তবে তা মানেনি তালিবান। যদিও ইসলামাবাদের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে তুরস্ক ও কাতারকে মধ্যস্থতার জন্য। কিন্তু এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেনি কাবুল। বলে রাখা ভালো, বৃহস্পতিবার দুই দেশের সীমান্তে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫ জন।