ad
ad

Breaking News

YouTuber Allegation

জনপ্রিয় ইউটিউবার ‘ননসেন’-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, বিস্ফোরক তাঁরই বান্ধবী!

তাঁর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

YouTuber Allegation FIR Filed Against Popular Content Creator

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: জনপ্রিয় ইউটিউবার শমীক অধিকারীর বিরুদ্ধে এক তরুণীকে যৌন হেনস্থা ও আটকে রাখার গুরুতর অভিযোগ উঠল। সোশাল মিডিয়ায় ‘ননসেন’ নামে পরিচিত এই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতার বেহালা থানায় একটি এফআইআর দায়ের করেছেন তাঁর এক বান্ধবী। অভিযোগকারিণী তরুণীর দাবি, শমীক তাঁকে দীর্ঘ সময় ধরে একটি ঘরে বন্দি করে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন।

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী ওই তরুণী তাঁর অভিযোগে জানিয়েছেন যে গত ২ ফেব্রুয়ারি রাত থেকে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা তাঁকে বেহালা এলাকার একটি আবাসনে আটকে রাখা হয়েছিল। ওই তরুণীর অভিযোগ, তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে সেখানে বন্দি করে রাখা হয় এবং সেই সময়ে শমীক তাঁর ওপর যৌন নির্যাতন চালান। শুধু তাই নয়, তাঁকে মারধর করা হয়েছে এবং ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে শমীক তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ডিজিটাল দুনিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে। অভিযুক্ত ইউটিউবার শমীক অধিকারীর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত তিনি এই বিষয়ে সম্পূর্ণ নীরবতা পালন করছেন। বেহালা থানার পুলিশ জানিয়েছে যে, তরুণীর লিখিত অভিযোগ পাওয়ার ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং অন্যান্য সম্ভাব্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ। প্রকৃত সত্য উদঘাটনে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।