Bangla Jago Desk : ম্যায় অটল হুঁ, এই সিনেমায় শ্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে। অভিনেতার ফার্স্ট লুক আগেই দেখা গেছে। এবার প্রকাশ্যে এলো ছবি মুক্তির তারিখ। অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশের মাধ্যমে জানিয়ে দিলেন সেই খবর।
অটল বিহারী বাজপেয়ী। ভারতের তিনবারের প্রধানমন্ত্রী, তিনি এমন একজন মানুষ যাকে সাধারণ মানুষ নেতা হিসেবে ভালোবেসেছেন। এবার এই মানুষটির জীবন কাহিনী ফুটে উঠবে বলিউডের পর্দায়। সিলভার স্ক্রিনে আসছে ম্যায় অটল হুঁ। টিনসেল টাউনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন। তবে এবার ঘোষনা হলো ছবি মুক্তির তারিখ। আর সেটা প্রকাশ্যে আনা হল ছবির পোস্টারের মাধ্যমে।অভিনেতা নিজে তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেছেন। যেখানে তাঁকে একেবারে প্রাক্তন প্রধানমন্ত্রীর মতোই দেখাচ্ছে। আগামি বছর অর্থাৎ ২০২৪ সালের ১৯শে জানুয়ারি মুক্তি পাবে ম্যায় অটল হুঁ, তা উল্লেখ করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবন নিয়ে এই ছবি আসছে এই খবর প্রকাশ্যে আসার পরে রীতিমত দর্শক মহলে হই হই পড়ে গিয়েছিল। তারপরই সামনে আসে অটল বিহারীর চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর ফার্স্ট লুক। আর সেটা দেখা মাত্রই তাজ্জব হন তামাম দর্শক।
এই বায়পিক পুরস্কারজয়ী পরিচালক রবি যাদবের পরিচালনায় আসছে বড় পর্দায়। ঋষি বিরমানী, রবি যাদবের লেখা ‘ম্যায় অটল হুঁ’ ছবির প্রযোজনায় রয়েছেন বিনোদ ভানুশালী, সন্দীপ সিংহ ও কমলেশ ভানুশালী। প্রসঙ্গত বিভিন্ন সময় বিভিন্ন রূপে দর্শকের সামনে এসেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী । বলাবাহুল্য, প্রত্যেকবার নিজের অভিনয়ের মাধ্যমে তিনি মন জয় করেছেন সিনেপ্রেমীদের। তবে এবার শ্রী অটল বিহারী বাজপেয়ীর মতো চরিত্রে তাঁকে দেখা যাবে জানতে পেরে রূপোলি পর্দায় অভিনেতার ঝলক দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।