ad
ad

Breaking News

Director Missing

টলিউডে ফের উদ্বেগের ছায়া, রহস্যজনকভাবে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়

আনন্দপুর থানায় ইতিমধ্য়েই একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে

Tollywood Director Utsav Mukhopadhyay Goes Missing

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: টলিউডে শোকের আবহ কাটার আগেই এবার রহস্যজনকভাবে নিখোঁজ হলেন বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে তাঁর কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন টলিপাড়া। সহযোগী চিত্রনাট্যকার হিসেবে অনীক দত্তের একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করা উৎসবের নিখোঁজ হওয়ার খবরটি সমাজমাধ্যমে জানিয়েছেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। আনন্দপুর থানায় ইতিমধ্য়েই একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

উৎসবের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিমতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। নিজের মোবাইল ফোনটি বাড়িতেই রেখে বাবার ফোনটি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। দুপুর ২টো ২২ মিনিট নাগাদ স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় তাঁর। এরপর বিকেল ৩টের পর থেকে পরিচালকের ফোনটি সুইচড অফ হয়ে যায়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন মৌপিয়া। পুলিশের প্রাথমিক ট্র্যাকিংয়ে ফোনটির লোকেশন উল্টোডাঙার কাছে দেখা গেলেও বর্তমানে তা আর পাওয়া যাচ্ছে না।

পরিচালকের নিখোঁজ হওয়ার পিছনে সাইবার অপরাধের ছায়া দেখছেন তাঁর স্ত্রী। মৌপিয়া জানান, গত বেশ কিছু সময় ধরে উৎসব সাইবার ক্রাইম সংক্রান্ত নানা সমস্যায় ভুগছিলেন এবং মানসিক উদ্বেগের মধ্যে ছিলেন। এমনকি বিয়ের পর মৌপিয়াকেও সমাজমাধ্যমে বারংবার কুরুচিকর আক্রমণের লক্ষ্য বানানো হচ্ছিল। এই কারণেই উৎসবের ফেসবুক প্রোফাইলের ছবি বদলে নিজের ছবি দিয়েছিলেন মৌপিয়া, যাতে সমস্ত আক্রমণ তাঁর দিকে ঘুরে যায়। পুলিশ জানিয়েছে, শুক্রবারের মধ্যে উৎসবের খোঁজ না মিললে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে।

অনিল দত্তের সঙ্গে ‘অপরাজিত’, ‘ভবিষ্যতের ভূত’ বা ‘বরুণবাবুর বন্ধু’-র মতো প্রশংসিত ছবিতে কাজ করা উৎসবের এই আকস্মিক অন্তর্ধান নিয়ে টলিউডে এখন আশঙ্কার মেঘ। নিখোঁজ হওয়ার আগে তিনি কোনও বিপদে পড়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।