চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: টলিপাড়ার অন্দরে কি তবে নতুন করে ফাটল ধরল? ২০২৬ সালের বাংলা ছবির ক্যালেন্ডার ঠিক করতে বুধবার ইম্পার (IMPA) দপ্তরে বসেছিল এক হাই-প্রোফাইল বৈঠক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো মহাতারকাদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় সৌহার্দ্যের বদলে চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার খবর মিলেছে। সূত্রের দাবি, পুজোর ছবির স্লট বুকিং নিয়ে টলিউডের দুই সুপারস্টার দেব ও জিতের মধ্যে ঠান্ডা লড়াই এমন পর্যায়ে পৌঁছায় যে, মধ্যস্থতা করতে গিয়ে অপমানিত হতে হয়েছে স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও।
আসন্ন ২৬-এর পুজোর বক্স অফিস দখল করতে দেব ইতিমধ্যেই শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে ১০ মাস আগে থেকে অগ্রিম বুকিং শুরু করে দিয়েছেন। অন্যদিকে, প্রায় দুই বছর পর পুজোয় ছবি আনার তোড়জোড় করছেন জিৎ। তাঁর ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটির জন্য নির্দিষ্ট স্লট চাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। জিৎ যখন দেবের কাছে কিছুটা জায়গা বা ‘স্পেস’ দাবি করেন, তখন দেব পাল্টা প্রশ্ন তোলেন যে হুট করে দুই বছর পর ফিরে এসে জায়গা চাওয়াটা কতটা যুক্তিসঙ্গত। এই বাকবিতণ্ডার মাঝেই দেব সংবাদমাধ্যমের সামনে দিয়ে গটগট করে বেরিয়ে যান, যা উপস্থিত সকলের নজর কেড়েছে।
পরিস্থিতি সামাল দিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন দেবকে পরামর্শ দেন বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়ে রাখতে, তখন দেবের পাল্টা উত্তর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শোনা যাচ্ছে, দেব কিছুটা ব্যাঙ্গাত্মক সুরেই প্রসেনজিৎকে বলেন, “তোমার তো ছবি হিট হয়েছে, তার ওপর আবার পদ্মশ্রী-টদ্মশ্রী পেয়েছ। তোমার কথা তো শুনতেই হবে!” অগ্রজ অভিনেতার প্রতি এই ধরনের মন্তব্য মুহূর্তেই সভার পরিবেশ থমথমে করে দেয়। উল্লেখ্য, ওই সভার শুরুতেই প্রসেনজিৎকে পদ্মশ্রী সম্মানের জন্য সংবর্ধনা জানানো হয়েছিল, যা শেষে তিক্ততায় রূপ নেয়।