Bangla Jago Desk: বড়পর্দায় আসছে কিংবদন্তী মৃণাল সেনের জীবনকাহিনী। আগামী ১৫ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষীত ছবি পদাতিক। পরিচালক মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ট্রেলার প্রকাশ্যে আসতেই দর্শকদের মন কাড়ে চঞ্চল চৌধুরীর লুক। ট্রেলারে শুরুতেই উঠে এসেছে ১৯৫৫-এর ঐতিহাসিক সময়, যেখানে গোটা বিশ্বের মানুষ ধ্যানে জ্ঞানে বিরাজ করছেন বিশ্ববরেণ্য সত্যজিত রায়। ছোটো থেকে বড়ো সকলের মুখে মুখে প্রচার হচ্ছে তাঁর পথের পাঁচালী সিনেমার কথা, হাজারো মানুষের প্রশংসা কুড়োচ্ছে সেই ছবি। সম্মান পাচ্ছেন সত্যজিৎ। তাঁর সব পরিশ্রম সার্থক। আর অন্যদিকে একের পর এক ব্যর্থতার শিকার হচ্ছেন আর এক পরিচালক।
ট্রেলারে মৃণালের চরিত্রে চঞ্চলের মুখে শোনা যায়, ‘আমি সিনেমা বানানো ছেড়ে দেব। আমি গল্প বলতে শিখিনি। আমি গল্প বলতে পারি না। আমার জন্য মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ঠিক ছিল।’ তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলায় মৃণাল সেনেরও ভাগ্য।১৯৫৫ সালে উত্তম কুমার অভিনীত ‘রাতভোর’ ছবি দিয়ে দিয়েই চলচিত্রের যাত্রা শুরু করে মৃণাল। যা বড়পর্দায় সেভাবে সাফল্য পায়নি। তবে দ্বিতীয় ছবি থেকে নিজের জাত চেনাতে শুরু করেন। দ্বিতীয় ছবি ‘নীল আকাশের নীচে’ বাংলা চলচিত্র জগতে মাইলফলক তৈরি করে দেয়। তারপর ‘বাইশে শ্রাবণ’ ছবি এনে দেয় আন্তর্জাতিক স্বীকৃতি। এরপর একে একে ‘ভুবনসোম’, ‘কোরাস’, ‘মৃগয়া’, ‘আকালের সন্ধানে’, ‘খারিজ’, ‘ক্যালকাটা ৭১’ মতো সিনেমাগুলি আজও রয়েছে বাঙালির পছন্দের তালিকায় প্রথম সারিতে।
মৃণাল সেনের এই অপ্রতিরোধ্য সফরে সবসময় তাঁর পাশে থেকেছেন তাঁর স্ত্রী গীতা সেন। ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে। ট্রেলারে মনামী ঘোষকে বলতে শোনা যায়, ‘ঠিক যেটা করতে চাও, সেটাই করো। আপোষ করবেন না’। তারপরই মৃণাল বলে ওঠেন, ‘যে গল্পটা যেভাবে বলতে চাই, সেভাবেই বলব। কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমনো অনেক বেশি জরুরি।’ সব মিলিয়ে গল্পের বিষয়বস্তু ও শিল্পীদের নজর কাড়া অভিনয় ইতিমধ্যেই ঝড় তুলেছে দর্শকমহলে।
গত বছর ১৫ জানুয়ারী শুরু হয় ছবির শ্যুটিং। প্রসঙ্গত, গত বছরই মৃণাল সেনের জন্মশতবার্ষীকি ছিল। তাঁকে সম্মান জানাতেই তাঁর জীবন ও কর্মজীবনের গল্প নিয়ে এই ছবি তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। কিশোর বয়সী মৃণালের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোরক সামন্তকে। মৃণাল পুত্র কুণাল সেনের চরিত্রে অভিনয় করবেন সম্রাট চক্রবর্তী। এছাড়াও এই ছবির গানে প্রথমবারের জন্য এক সঙ্গে জুটি বাঁধছেন সোনু নিগম ও অরিজিৎ সিং। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করা নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ”মৃণাল সেন চলচ্চিত্র জগতের একজন দিকপাল। শ্রেষ্ঠতম একজন পরিচালকের চরিত্রে অভিনয় করা মানে একটা ইতিহাসের অংশ হয়ে থাকা। ভাল-মন্দ এটা পরের বিষয়।”