ad
ad

Breaking News

Sonakshi Sinha

খুদে ভক্তের আবদার ফেরালেন সোনাক্ষী! নেটপাড়ায় তুমুল ট্রোলড শত্রুঘ্ন-কন্যা

অনুরোধ না রাখায় সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা

Sonakshi Sinha Faces Criticism

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: প্রিয় তারকাকে সামনে পেলে একটি ছবি বা সেলফি তোলার ইচ্ছে প্রায় সব ভক্তেরই থাকে। অনেক সময় সেলেবরাও হাসিমুখে সেই আবদার মেটান। তবে এবার এক খুদে অনুরাগীর সেলফির অনুরোধ না রাখায় সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, গাড়িতে ওঠার আগে সোনাক্ষীকে ঘিরে ধরেছেন ভক্ত ও পাপারাজ্জিরা। ক্যামেরার ফ্ল্যাশ আর ভিড়ের মাঝেই ফোন হাতে অভিনেত্রীর কাছে পৌঁছনোর চেষ্টা করে এক খুদে ভক্ত। প্রিয় তারকার সঙ্গে একটি সেলফি তোলার আশাতেই বারবার এগিয়ে আসছিল সে।

ভিডিওতে দেখা যায়, উপস্থিত কয়েকজন পাপারাজ্জি ও অন্যরা শিশুটিকে সরে যেতে বলছেন। তবুও সে হাল ছাড়েনি। কিন্তু শেষ পর্যন্ত তার ইচ্ছে পূরণ হয়নি। সোনাক্ষী পরিস্থিতি শান্তভাবে সামলানোর কথা বললেও ওই খুদে ভক্তের সেলফির আবদার আর মেটাননি। এরপর তিনি নিজের গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যান। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ খুদে ভক্তটির জন্য দুঃখপ্রকাশ করেছেন। তাঁদের দাবি, সামান্য একটি সেলফি শিশুটির মুখে হাসি ফোটাতে পারত। আবার অন্য একাংশের মতে, অতিরিক্ত ভিড়, নিরাপত্তা এবং পাপারাজ্জিদের চাপের মধ্যে সেলেবদের ব্যক্তিগত পরিসরকেও গুরুত্ব দেওয়া উচিত।

এর আগেও পাপারাজ্জিদের আচরণে বিরক্ত হতে দেখা গিয়েছিল সোনাক্ষীকে। কয়েকদিন আগে নৈশভোজ সেরে বেরনোর সময় রেস্তরাঁর বাইরে পাপারাজ্জিরা তাঁকে ঘিরে ছবি ও ভিডিও তুলতে শুরু করেন। প্রথমে হাসিমুখে পরিস্থিতি সামলালেও পরে হাতজোড় করে বলেন, “ব্যাস, গাইজ। থ্যাঙ্ক ইউ। গুড নাইট!” অর্থাৎ, অনেক হয়েছে, ধন্যবাদ, শুভরাত্রি। তাতেও ছবি তোলা বন্ধ না হলে খানিকটা কড়া সুরে সোনাক্ষী বলেন, “গাইজ, হো গ্যায়া। হো গ্যায়া। ব্যাস। থ্যাঙ্ক ইউ।” অর্থাৎ, এবার হয়ে গিয়েছে, যথেষ্ট হয়েছে, ধন্যবাদ।