চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: গত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা কিংবা মেরুন ৫-এর মতো বিশ্বখ্যাত তারকাদের ভিড়ে আন্তর্জাতিক সংগীতের জোয়ার এসেছে ভারতে। তবে এবার যার আগমনের খবরে শোরগোল পড়ে গিয়েছে, তিনি লাতিন সংগীতের রানি শাকিরা। দীর্ঘ ১৯ বছরের বিরতি কাটিয়ে ফের ভারতের মাটিতে পা রাখতে চলেছেন এই বিশ্ববন্দিত শিল্পী। তাঁর অসামান্য কণ্ঠস্বর আর নাচের জাদুতে মুগ্ধ হতে মুখিয়ে রয়েছেন দেশের অগণিত অনুরাগী। শাকিরার মঞ্চে উপস্থিতি মানেই যে এক ছন্দময় আবেশ, তা ফের একবার চাক্ষুষ করার সুযোগ আসছে আগামী এপ্রিলে।
সফরসূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্স ময়দান এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম মাতাবেন শাকিরা। ১ মার্চ থেকেই এই কনসার্টের টিকিট বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে প্রিয় তারকাকে সামনে থেকে দেখার জন্য দর্শকদের পকেটে ভালোই টান পড়তে পারে। জানা গিয়েছে, এই কনসার্টের ভিআইপি টিকিটের সর্বোচ্চ দাম ধার্য করা হয়েছে ৩২ হাজার টাকা। এ ছাড়া ২৮,৫০০ টাকা দামের টিকিটও রয়েছে। যারা সর্বোচ্চ মূল্যের টিকিট কিনবেন, তাঁরা কনসার্টে বিশেষ কিছু সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ, ফ্যান পিট অ্যাক্সেস, অনুষ্ঠানস্থল থেকে লাউঞ্জ পর্যন্ত যাতায়াতের জন্য শাটল পরিষেবা, প্রিমিয়াম খাবার এবং বিভিন্ন পানীয়ের ব্যবস্থা।
তবে কেবল বিনোদনের জন্য নয়, শাকিরার এই ভারত সফরের পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। এই অনুষ্ঠানগুলি থেকে সংগৃহীত অর্থের একটি বড় অংশ সমাজসেবামূলক কাজে ব্যয় করা হবে। মূলত শিশুদের পুষ্টি এবং খাবারের সংস্থানের জন্যই এই উদ্যোগ নিয়েছেন শিল্পী। শাকিরার মতে, ভারতে অনুষ্ঠান করার অভিজ্ঞতা সবসময়ই তাঁর কাছে অত্যন্ত আনন্দের। তবে এবারের সফরের মূল লক্ষ্য হল শিশুদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা, যাতে কোনো শিশু অভুক্ত না থাকে।