চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: বলিউডে বহুদিন ধরেই একটি আলোচিত দ্বন্দ্ব—সলমন খান এবং অরিজিৎ সিংয়ের তিক্ত সম্পর্ক। দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে কথাবার্তা বন্ধ, কাজের সম্পর্কও ছিল না। তবে কি এবার সব ভুলে সেই পুরোনো মনোমালিন্যের অবসান ঘটাতে চাইলেন সলমন খান? সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর এক এপিসোডে এই প্রসঙ্গেই মুখ খুললেন ভাইজান।
শোয়ে উপস্থিত ছিলেন কমেডিয়ান রবি গুপ্ত। তিনি মজা করে বলেন, তাঁর মুখের গড়ন নাকি অরিজিৎ সিংয়ের সঙ্গে মেলে, আর এই নিয়ে সলমনের সামনে আসার আগে তিনি বেশ নার্ভাস ছিলেন। রবি জানান, “সলমনের সামনে আসার আগে মনে মনে ঈশ্বরকে ডাকছিলাম!” রবির কথা শুনে হাসতে হাসতে সলমন বলেন, “অরিজিৎ আমার খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। আর আসলে ভুলটা আমারই ছিল।”
সলমনের এমন মন্তব্যে রীতিমতো চমকে ওঠে দর্শকরা। অনেকে মনে করছেন, অবশেষে হয়তো নিজের ভুল বুঝতে শুরু করেছেন সলমন। তবে এই দ্বন্দ্বের শিকড় অনেক গভীরে।
সালটা ছিল ২০১৪। এক অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সলমন। সেই মঞ্চে পুরস্কার নিতে ওঠেন অরিজিৎ। তখন সলমন ঠাট্টার ছলে বলেন, “দর্শকাসনে বসে কি ঘুমিয়ে পড়েছিলে?” অরিজিৎও কম যান না, জবাব দেন, “আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন!” এই উত্তরেই সলমন রেগে যান। পরিস্থিতি আরও খারাপ হয় যখন অরিজিৎ মঞ্চ থেকে নেমে সরাসরি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, যা সলমনের চোখে ছিল ‘অহংকার’ প্রদর্শন।
পরে বহুবার ক্ষমা চেয়েছেন অরিজিৎ। ২০১৬ সালে তিনি ফেসবুকে সলমনের উদ্দেশে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাও করেন। এমনকি, ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়েও মন গলাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সলমনের রাগ এত তাড়াতাড়ি কমার নয়।
এই মনোমালিন্যের জেরে একাধিক বড় প্রজেক্ট হাতছাড়া হয় অরিজিতের। ‘কিক’ ছবির জন্য রেকর্ড করা গান বাদ পড়ে সলমনের নির্দেশে। ‘বজরঙ্গি ভাইজান’-এর জন্যও গান গাওয়ার কথা থাকলেও, প্রীতম সাহস পাননি তাঁকে দিয়ে গান গাওয়াতে।
তবে ধৈর্য হারাননি অরিজিৎ। অবশেষে সময় বদলাতে শুরু করে। ঘটনার প্রায় ৯ বছর পর, ২০২3 সালের ‘টাইগার ৩’ ছবিতে সলমন-ক্যাটরিনার জন্য গলা দেন অরিজিৎ সিং। অনেকেই তখনই বুঝেছিলেন, বরফ গলছে।
‘বিগ বস’-এর মঞ্চে সলমনের সাম্প্রতিক মন্তব্য সেই জল্পনাকেই আরও মজবুত করল। হয়তো বলিউড আবার পেতে চলেছে এক সফল গায়ক-অভিনেতার যুগলবন্দি, যেখানে বাদ থাকবে না রাগ, শুধুই থাকবে সুর আর সাফল্যের সেতুবন্ধন।