চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ‘ডন ৩’ ছবি থেকে তাঁর সরে যাওয়া নিয়ে যখন বলিপাড়ায় জোর গুঞ্জন, ঠিক সেই সময়ই জল্পনায় জল ঢেলে স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে নিভৃতে সময় কাটাতে দেশ ছাড়লেন রণবীর সিং। নতুন বছরের শুরুতে যখন গ্ল্যামার দুনিয়ার অধিকাংশ তারকা পার্টিতে মশগুল, তখন ‘দীপবীর’ দম্পতি বেছে নিলেন বিদেশের মাটিতে একান্তে ‘উইন্টার হলিডে’। বর্তমানে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন এই তারকা জুটি, আর সেখান থেকেই তাঁদের এক বিশেষ মুহূর্তের ছবি এখন নেটপাড়ায় ভাইরাল।
View this post on Instagram
নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে হাইপ্রোফাইল এনবিএ (NBA) টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন রণবীর ও দীপিকা। যদিও নিজেদের এই সফরের কোনও ছবি তাঁরা নিজেরা সামাজিক মাধ্যমে শেয়ার করেননি, কিন্তু ভক্তদের নজর এড়ানো সম্ভব হয়নি। গ্যালারিতে বসে খেলা দেখার মাঝেই দুই ভক্তের আবদার মিটিয়ে নিজস্বী তোলেন তাঁরা। সেই ছবিই এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই মার্কিন সফরে তাঁদের একরত্তি মেয়ে দুয়াকে ছবিতে দেখা যায়নি।
রণবীর ও দীপিকার সঙ্গে ছবি শেয়ার করে এক অনুরাগী নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “আমার জীবনে দু’জন নায়িকাকে দেখার খুব শখ ছিল— ঐশ্বর্য রাই বচ্চন এবং দীপিকা পাড়ুকোন। গ্যালারিতে যখন হঠাৎ দীপিকাকে আবিষ্কার করলাম, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না।” ওই ভক্তের পোস্ট থেকেই স্পষ্ট যে, বিদেশের মাটিতেও এই তারকা দম্পতির জনপ্রিয়তা কতটা তুঙ্গে। পেশাগত জীবনে ‘ধুরন্ধর’-এর সাফল্য এবং ‘ডন ৩’ নিয়ে চলা বিতর্কের মাঝে রণবীরের এই বিদেশ সফর বুঝিয়ে দিচ্ছে যে, তিনি ব্যক্তিগত জীবনে ইতিবাচক থাকতেই বেশি পছন্দ করেন। আপাতত কোনও জল্পনা বা বিতর্কে কান না দিয়ে নিউ ইয়র্কের কনকনে ঠান্ডায় দীপিকার সঙ্গে চুটিয়ে ছুটি উপভোগ করছেন পর্দার ‘বাজিরাও’।