ad
ad

Breaking News

প্রকাশ্যে রামায়ণের ট্রেলার, কতটা নজর কাড়লেন রণবীর ও যশ?

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা।

ranbir-kapoor-nitesh-tiwari-ramayana-part-1-trailer-released

চিত্রঃ সংগৃহীত

AK Bangla 24×7 Digital: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ভোরে প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলার। প্রায় চার মিনিটের এই ঝলকে প্রথমবার পূর্ণাঙ্গ রূপে দেখা গেল রণবীর কপূরের রাম, সাই পল্লবীর সীতা, রবি দুবের লক্ষ্মণ এবং যশের রাবণকে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। একদিকে যেমন ছবির ভিজ়্যুয়াল, প্রোডাকশন ডিজাইন ও সঙ্গীতের প্রশংসা হচ্ছে, অন্যদিকে ভিএফএক্স, সংলাপ বলার ধরন এবং সনী দেওলের অনুপস্থিতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

ট্রেলারের শুরুতেই রাবণের শক্তিশালী আবির্ভাব দর্শকের নজর কেড়েছে। এরপর অযোধ্যার রাজপুত্র রামের জন্ম, তাঁর শৈশব, অসুরবধ, সীতার সঙ্গে বনবাসে যাত্রা এবং মহাকাব্যের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। দশরথের চরিত্রে অরুণ গোভিল এবং কৈকেয়ীর ভূমিকায় লারা দত্তকেও দেখা গিয়েছে ট্রেলারে।

প্রথম ঝলকের তুলনায় এ বার অযোধ্যা ও লঙ্কার রাজকীয়তা, বিশাল সেট, প্রোডাকশন ডিজাইন এবং আবেগঘন মুহূর্তের উপর বেশি গুরুত্ব দিয়েছেন নির্মাতারা। আগের টিজারে অতিরিক্ত ভিএফএক্স ব্যবহারের যে সমালোচনা হয়েছিল, ট্রেলারে সেই দিকটি অনেকটাই সংযত রাখা হয়েছে বলে মনে করছেন একাংশের দর্শক। তবে অনেকের মতে, কিছু দৃশ্যে এখনও কৃত্রিমতার ছাপ স্পষ্ট এবং ছবির বিশাল বাজেটের তুলনায় ভিএফএক্স আরও উন্নত হতে পারত।

সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সনী দেওল অভিনীত হনুমানের অনুপস্থিতি নিয়ে। ট্রেলারে তাঁর চরিত্রের কোনও ঝলক না থাকায় অনুরাগীদের একাংশ হতাশ। যদিও অনেকের ধারণা, দ্বিতীয় পর্বের জন্যই হয়তো এই চরিত্রটিকে গোপন রেখেছেন নির্মাতারা।

অন্যদিকে, রণবীর কপূরের অভিনয় নিয়েও দর্শকদের মতভেদ রয়েছে। কেউ মনে করছেন, তিনি রামের শান্ত, সংযত ও মর্যাদাপূর্ণ চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আবার অন্যদের মতে, তাঁর সংলাপ বলার ধরন চরিত্রটির সঙ্গে পুরোপুরি মানানসই হয়নি। তবে যশের রাবণ প্রায় সর্বত্রই প্রশংসা কুড়িয়েছে। তাঁর উপস্থিতি, ব্যক্তিত্ব এবং পর্দার দাপটকে ট্রেলারের অন্যতম আকর্ষণ বলেই মনে করছেন দর্শকদের বড় অংশ।

ছবির সঙ্গীতে একসঙ্গে কাজ করেছেন অস্কারজয়ী এআর রহমান এবং হ্যান্স জ়িমার। ভিএফএক্সের দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক সংস্থা। ইতিমধ্যেই ছবির দুই পর্বের সঙ্গীতস্বত্ব রেকর্ড ৭৫ কোটি টাকায় কিনেছে টি-সিরিজ।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই নয়াদিল্লিতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সীমিত দর্শকের জন্য ট্রেলার দেখানো হয়েছিল। পরে তার কিছু অংশ ফাঁস হয়ে যায়। এরপর ‘সান দিয়েগো কমিক-কন’-এও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অবশেষে বৃহস্পতিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ট্রেলার প্রকাশ করা হয়। আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ পার্ট ১’, আর ছবির দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালে।