চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: সপ্তাহখানেক আগেই পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা তাঁদের জীবনের সুখবরটি ভাগ করে নিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক তারকা দম্পতির নাম। দক্ষিণী সুপারস্টার এবং ‘আরআরআর’-খ্যাত অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা জানালেন তাঁদের ঘরে নতুন অতিথি আসছে শীঘ্রই। দীপাবলির আনন্দের মধ্যেই এই সুখবর জানিয়েছেন উপাসনা নিজেই।
View this post on Instagram
উপাসনা ইনস্টাগ্রামে তাঁদের সাধের অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “এই দীপাবলির আনন্দ দ্বিগুণ। ভালোবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ। শীঘ্রই নতুন জার্নি শুরু করতে চলেছি।” যদিও রাম চরণ বা উপাসনা কেউই আনুষ্ঠানিকভাবে সন্তান আগমনের কথা ঘোষণা করেননি, তবে ভিডিওর আচার-অনুষ্ঠান এবং শিশুর পায়ের ছাপ দেখে ভক্তদের আর সন্দেহ নেই যে তাঁদের পরিবারে নতুন অতিথি আসছে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। কেউ লিখেছেন, “আপনাদের পরিবারের জন্য অনেক শুভেচ্ছা,” আবার কেউ জানতে চেয়েছেন, “নতুন অতিথি কবে আসছে?” তারকা দম্পতির প্রতি ভরপুর ভালোবাসা এবং আশীর্বাদে ভরে উঠেছে মন্তব্য বিভাগ।
উল্লেখ্য, বিয়ের প্রায় দশ বছর পরে ২০২৩ সালে তাঁদের কন্যাসন্তান ক্লিন কারার জন্ম হয়েছিল। এবার বছর দুয়েক পর ফের অভিভাবক হতে চলেছেন রাম চরণ ও উপাসনা।
২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাম চরণ ও উপাসনা। প্রায় ১৩ বছর পর তাঁদের ঘরে আবারও নতুন প্রাণের আগমন ঘটতে চলেছে। পরিবারের সকলকে নিয়ে দীপাবলির উৎসবে অংশ নিতে দেখা গিয়েছে রাম চরণকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের পারিবারিক ভিডিও, যেখানে আনন্দে ভরে উঠেছে ঘর ও মন।