Bangla Jago Desk: ২০২৩ সালে দক্ষিণী সুপারস্টার রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলার ঘরে কন্যাসন্তানের জন্মের পরেই এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রামচরণের মেগাস্টার বাবা চিরঞ্জীবী। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আর যেন রামচরণের মেয়ে না হয়, বাড়িতে লেডিস হস্টেল নয়, বংশপ্রদীপ চাই।” সেই লিঙ্গভিত্তিক মন্তব্যের জন্য বছর দুয়েক আগে চিরঞ্জীবীকে প্রচুর কটাক্ষ সহ্য করতে হয়েছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল, রামচরণ-উপাসনা নতুন করে সন্তানের পরিকল্পনা করছেন। এবার রবিবার সকালে সেই সুখবর এল—তারকা দম্পতির ঘরে যমজ সন্তানের জন্ম হয়েছে।
শুক্রবার গভীর রাতে রামচরণ-উপাসনা যে খুশির সংবাদটি পেয়েছেন, সেটি প্রথম ঘোষণা দেন চিরঞ্জীবী নিজে। এরপর রবিবার সকালে অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে রামচরণ জানান, তিনি তিন সন্তানের বাবা হওয়ার কারণে নিজেকে আশীর্বাদধন্য মনে করছেন। তিনি বলেন, “এত ভালোবাসার জন্য ভক্ত, প্রিয়জন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি কৃতজ্ঞ। যারা প্রতি মুহূর্তে আমাদের পাশে থেকেছেন এবং সমর্থন করেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।”
এদিকে পরিবার বড় হওয়ার আনন্দে উপাসনা বলেন, “বাবা সবসময় বিশ্বাস করেন স্বচ্ছতা এবং বিশ্বাস একসাথে চলে। ঠিক যেমনটা আমরা কল্পনা করেছিলাম, সেভাবেই তিন সন্তানের মা হতে পেরে নিজেকে অবিশ্বাস্যভাবে ধন্য মনে করছি। আমরা চাই তিন সন্তানকে এমনভাবে মানুষ করব, যাতে তারা শক্তিশালী হওয়ার পাশাপাশি সহানুভূতিশীলও হয়, দায়িত্বশীল হয় এবং সমাজের প্রতি দায়বদ্ধ থাকে।”
রামচরণ-উপাসনা সন্তানের লিঙ্গ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে সূত্রের খবর, এবারও তাদের ঘরে একটি ছেলে ও একটি মেয়ের যমজ সন্তানের জন্ম হয়েছে। অর্থাৎ দীর্ঘ সময়ের অপেক্ষার পর আবারও তাদের পরিবারে লক্ষ্মী এসেছে। অন্যদিকে চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’ পূরণ হওয়ার স্বপ্নও যেন এবার সত্যি হয়েছে।
এই প্রসঙ্গে প্রবীণ দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী খুশিতে আবেগাপ্লুত হয়ে বলেন, “রামচরণ-উপাসনার যমজ সন্তান হয়েছে। একটি ছেলে এবং একটি মেয়ে। শিশু এবং মা উভয়েই সুস্থ রয়েছেন। ঠাকুরদা-ঠাকুমা হিসেবে নাতি-নাতনিকে পরিবারে স্বাগত জানানোর এই মুহূর্ত বড়ই আনন্দঘন এবং ঐশ্বরিক।”



