ad
ad

Breaking News

Upasana Kamineni

জ্যোতিষীর পরামর্শেই স্থির হয় যমজ সন্তানদের জন্মলগ্ন, কী জানালেন রাম চরণের স্ত্রী?

তিনি জানান, তারা একটি শুভ সময় নির্বাচন করেছিলেন, যা ছিল ৩১ জানুয়ারি রাত ১১.৩০টার পর।

ram-charan-twins-born

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা এক সময় সন্তান নেয়ার পরিকল্পনা করতেন না। কিন্তু পরবর্তীতে তারা সন্তান গ্রহণের সিদ্ধান্ত নেন এবং তাদের প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। এবার ৩১ জানুয়ারি তারা দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন—তাও আবার যমজ সন্তানদের মাধ্যমে। তাদের পরিবারে এবার এক কন্যা ও এক পুত্রের আগমন ঘটে। দ্বিতীয়বার বাবা-মা হওয়ার পেছনে জ্যোতিষশাস্ত্রের বড় ভূমিকা ছিল বলে জানালেন উপাসনা।

সন্তান জন্মের পর একটি ভিডিওবার্তায় উপাসনা বলেন, তারা কীভাবে জ্যোতিষশাস্ত্র মেনে সন্তানের জন্মের দিনক্ষণ ঠিক করেছিলেন। ভিডিওতে উপস্থিত ছিলেন জ্যোতিষী মহেশ বাং। তিনি জানান, তারা একটি শুভ সময় নির্বাচন করেছিলেন, যা ছিল ৩১ জানুয়ারি রাত ১১.৩০টার পর। সেই সময় অনুযায়ীই তারা সন্তান-ভূমিষ্ঠের পরিকল্পনা করেন।

ভিডিওতে ‘এনার্জি অ্যালকেমিস্ট’ রণধীরও উপস্থিত ছিলেন। তাঁরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সন্তানজন্মের সময় নির্ধারণে। ভিডিওতে চিকিৎসক ও নার্সরাও ছিলেন। জ্যোতিষীর পরামর্শ মেনে ওই নির্দিষ্ট সময়ে সন্তান জন্মের ব্যবস্থা করা হয়।

সন্তান জন্মের পরে উপাসনা বলেন, “ভালবাসা ও শুভেচ্ছায় আমরা ঘিরে রয়েছি। এজন্য আমরা কৃতজ্ঞ। আমি রাম চরণের ভক্তদের হাতজোড় করে ধন্যবাদ জানাতে চাই। আমি জানি, আপনারা আমাদের হৃদয় থেকে ভালোবাসেন। আমরা নিশ্চিত, আমাদের সন্তানদেরও আপনারা সবসময় ভালোবাসবেন এবং রক্ষা করবেন। যাঁরাই আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাঁদের আমরা মনে রাখব।”

রাম চরণ ও উপাসনা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তাদের যমজ সন্তান হবে। দ্বিতীয়বার সন্তানের আগমনের বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, মাসখানেক আগে উপাসনা একটি পোস্টে যমজ সন্তানের ইঙ্গিত দিয়ে লেখেন, “এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালোবাসা দ্বিগুণ। কৃতজ্ঞ বোধ করছি। খুব শীঘ্রই নতুন একটা শুরু করতে চলেছি।” সেই ইঙ্গিতের পর আজ তাদের ঘরে এসে গেছে দ্বিগুণ সুখের সংবাদ—এক কন্যা ও এক পুত্রের জন্ম।