চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ২০২৫ সালে বলিউডের একাধিক তারকাদম্পতির জীবনে এসেছে নতুন আনন্দের খবর। সেই তালিকায় অন্যতম রাজকুমার রাও ও পত্রলেখা। গত বছরই তাঁদের জীবনে এসেছে কন্যাসন্তান। এ বার প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন একরত্তির ঝলক, পাশাপাশি জানালেন মেয়ের নামও।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ছবি ভাগ করে নিয়েছেন রাজকুমার ও পত্রলেখা। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট কন্যার কোমল হাত ধরে রয়েছেন বাবা ও মা। সেই ছবির সঙ্গেই তারকাদম্পতি লিখেছেন, “হাতজোড় করে এবং মন ভরে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি।” এই পোস্টের মাধ্যমেই তাঁরা প্রকাশ্যে আনেন সন্তানের নাম।
রাজকুমার ও পত্রলেখার কন্যাসন্তানের নাম রাখা হয়েছে পার্বতী পাল রাও। উল্লেখযোগ্যভাবে মেয়ের নামের সঙ্গে যুক্ত হয়েছে বাবা ও মা দু’জনেরই পদবী। পত্রলেখার পারিবারিক পদবী পাল, যদিও তিনি অভিনয়জগতে সেই পদবী ব্যবহার করেন না। তবে কন্যার নামের ক্ষেত্রে নিজের পরিচয়কেও গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী। তার পরেই রয়েছে রাজকুমার রাওয়ের পদবী।
এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারকাদম্পতিকে। অনেকেই মন্তব্য করে তাঁদের জীবনের এই নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বছর নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকীতে সুখবরটি ভাগ করে নিয়েছিলেন রাজকুমার ও পত্রলেখা। সে সময় ‘স্ত্রী’ খ্যাত অভিনেতা লিখেছিলেন, “আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন।” পরে যৌথ বার্তায় তাঁরা জানান, “আনন্দের চোটে যেন চাঁদে পৌঁছে গিয়েছি। ঈশ্বর আমাদের কোলে কন্যাসন্তান পাঠিয়েছেন। আমরা খুব খুশি।”
দীর্ঘ এক দশক সম্পর্কে থাকার পর ২০২১ সালের ১৫ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজকুমার রাও ও পত্রলেখা। তাঁদের মতোই ২০২৫ সালে বাবা মা হয়েছেন বলিউডের আরও কয়েকটি জনপ্রিয় তারকাদম্পতি। সেই তালিকায় রয়েছেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র, ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল, পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা।