চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ভোটের লড়াই শেষ, এখন কেবল ফলাফলের অপেক্ষা। আগামী ৪ মে বাংলার বিধানসভা নির্বাচনের মার্কশিট প্রকাশিত হবে। এই উত্তেজনার মাঝে নির্বাচনী ফলের প্রাক্কালে পুরীর জগন্নাথধামে সস্ত্রীক হাজির হলেন বারাকপুরের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী। সঙ্গী তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক লড়াইয়ের উত্তাপ থেকে সাময়িক বিরতি নিয়ে তাঁরা এখন আধ্যাত্মিক আশ্রয়ে।
বিগত পাঁচ বছর বারাকপুরের বিধায়কের দায়িত্ব সামলানোর পর এবারও তিনি এই কেন্দ্র থেকেই লড়ছেন। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ছিলেন অত্যন্ত সক্রিয়। গত ২৯ এপ্রিল ভোট দেওয়ার পর থেকেই জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। রাজ ও শুভশ্রী দুজনেই পরম জগন্নাথ ভক্ত। যে কোনো শুভ কাজের আগে বা বড় কোনো সিদ্ধান্তের প্রাক্কালে তাঁরা নীলাচলে ঢুঁ মারতে ভোলেন না। তাঁদের বিশ্বাস, জগন্নাথের শরণাপন্ন হলে সমস্ত অন্ধকার কেটে যায়। তাই ৪ মে-র রেজাল্টের আগে তাঁরা আশীর্বাদ নিতে পুরীতে ছুটে গিয়েছেন।
ভোটের দিনেই নিজেদের আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছিলেন এই তারকা দম্পতি। স্বামী রাজের হয়ে প্রচারে গিয়ে শুভশ্রী বারাকপুরকে ‘দ্বিতীয় ঘর’ বলে সম্বোধন করেছিলেন। ভোটের দিনে মা দুর্গার উদাহরণ টেনে শুভশ্রী বলেছিলেন, “প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত জয় হয় মা দুর্গারই। এবারও তাই হবে।” রাজনীতির ময়দানে লড়াই শেষ, এখন কেবল জগন্নাথের আশীর্বাদ নিয়ে ৪ মে-র প্রতীক্ষায় রাজ-শুভশ্রী।