ad
ad

Breaking News

Raj-Shubashree

রূপালি পর্দায় এবার উন্নয়নের আখ্যান! ভোটের আগে বড় চমক রাজ–শুভশ্রীর

স্বল্প দৈর্ঘ্যের এই প্রজেক্টে বাংলায় চালু থাকা লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী-সহ বিভিন্ন সরকারি প্রকল্প সমাজে কী প্রভাব ফেলেছে, সেই বাস্তব চিত্রই তুলে ধরা হবে।

raj-subhashree-political-film

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রাজ চক্রবর্তীর পরিচালনায় আবারও পর্দায় ফিরছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ–শুভশ্রীর জুটি মানেই টলিউডে আলাদা করে নজর কাড়া এক সমীকরণ। একাধিকবার একসঙ্গে কাজ করে তাঁরা প্রমাণ করেছেন, এই জুটির ছবিকে ঘিরে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে।

‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে দেব–শুভশ্রীকে প্রথম বড়পর্দায় তুলে ধরে দর্শকের নজর কেড়েছিলেন রাজ চক্রবর্তী। তার পর বিয়ের পর মুক্তিপ্রাপ্ত ‘পরিণীতা’ ছবিতে শুভশ্রীকে যে ভাবে তিনি উপস্থাপন করেছিলেন, তা আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে। এবার তাঁদের নতুন কাজ একেবারেই ভিন্ন ঘরানার।

বুধবার সন্ধ্যায় এই নতুন ছবিকে কেন্দ্র করে সেজে উঠবে নন্দন চত্বর। ছবির নাম ‘লক্ষ্মী এলো ঘরে’। স্বল্প দৈর্ঘ্যের এই প্রজেক্টে বাংলায় চালু থাকা লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী-সহ বিভিন্ন সরকারি প্রকল্প সমাজে কী প্রভাব ফেলেছে, সেই বাস্তব চিত্রই তুলে ধরা হবে। ছবিতে শুভশ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরাকে।

অঙ্কুশ হাজরা ও রাজ চক্রবর্তীর পেশাগত সম্পর্ক দীর্ঘদিনের। ‘কানামাছি’ ও ‘বলো দুগ্গা মাঈকী’-র মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ব্যক্তিগত জীবনেও রাজ–শুভশ্রীর সঙ্গে অঙ্কুশের বন্ধুত্ব বেশ ঘনিষ্ঠ। এই ছবিতে নায়ক-নায়িকার পাশাপাশি টলিপাড়ার আরও দুই পরিচিত মুখকেও দেখা যাবে।

রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকেও ছবিটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ছবি তৃণমূল কংগ্রেসের পক্ষে জনমত গঠনে প্রভাব ফেলতে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশের অনুমান। যদিও অঙ্কুশ আগেই স্পষ্ট করেছেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই। একই ভাবে শুভশ্রীও জানিয়েছেন, ভোটে লড়ার কোনও পরিকল্পনা আপাতত নেই তাঁর।

বর্তমানে রাজ চক্রবর্তীর পরিচয় শুধু পরিচালক হিসেবেই সীমাবদ্ধ নয়। তিনি রাজ্যের শাসক দলের বিধায়ক এবং একাধিক সাংগঠনিক দায়িত্ব সামলাতে সারা বছরই ব্যস্ত থাকেন। সেই ব্যস্ততার মধ্যেই সমান তালে এগিয়ে চলেছে তাঁর ছবির কাজ। তবে এই বিশেষ প্রজেক্টটির খবর এতদিন প্রকাশ্যে আসেনি।

আগামী ১৪ জানুয়ারি নন্দনে ছবিটির মুক্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে টলিপাড়ার একাধিক পরিচিত মুখের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়—এমনটাই জানা গেছে।