চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বিগত চার দশক ধরে বাংলা সিনেমার একচ্ছত্র অধিপতি তিনি। খাদের কিনারে চলে যাওয়া টলিউডকে এক সময় নিজের কাঁধেই টেনে তুলেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সেই দীর্ঘ লড়াই এবং অসামান্য অবদানকে স্বীকৃতি জানাল ভারত সরকার। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত হয়েছে তাঁর ‘পদ্ম’ সম্মান প্রাপ্তির খবর। বাংলা চলচ্চিত্র জগতের এই ঐতিহাসিক মুহূর্তে ‘বুম্বাদা’র বাড়িতে পৌঁছে তাঁকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানালেন টলিউডের জনপ্রিয় দম্পতি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।
রবিবার দুপুরে সুপারস্টারের বালিগঞ্জের বাড়িতে সশরীরে হাজির হন যশ ও নুসরত। প্রিয় অগ্রজকে উপহারের ডালি সাজিয়ে শুভেচ্ছা জানান তাঁরা। সোশ্যাস মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ভাগ করে নুসরত বলেন, “বুম্বাদা আমাদের গর্ব এবং ইন্ডাস্ট্রির প্রকৃত পথপ্রদর্শক। তাঁর সম্মান প্রাপ্তির উদযাপনে আগে থাকতে না পারলেও, আজ ব্যক্তিগতভাবে দেখা করে শুভেচ্ছা জানালাম।” ছবিতে দেখা যাচ্ছে, দুই অনুজের মাঝে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন বাংলা ছবির ‘জ্যেষ্ঠপুত্র’।
শিশুশিল্পী হিসেবে ‘ছোট্ট জিজ্ঞাসা’ দিয়ে শুরু হলেও প্রসেনজিতের নায়ক হিসেবে উত্তরণ ঘটেছিল ‘অমরসঙ্গী’র হাত ধরে। এরপর কমার্শিয়াল থেকে সমান্তরাল সিনেমা— প্রায় ৩৫০টির বেশি ছবিতে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন টলিউডের অবিসংবাদিত নেতা। ১৩১ জন বিশিষ্ট ব্যক্তির তালিকায় তাঁর নাম থাকাটা বাংলা সিনেমার মুকুটে এক নতুন পালক যোগ করেছে। আগামী মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই সম্মান গ্রহণ করবেন।