চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা যে আচমকা নয়, বরং সুপরিকল্পিত ষড়যন্ত্র—তদন্তে সেই দিকেই ইঙ্গিত মিলছে। মুম্বই পুলিশের দাবি, হামলার আগে দীর্ঘদিন ধরে পরিচালকের জুহুর বাড়ি ও তার আশপাশের এলাকা ঘুরে ঘুরে নজরদারি চালানো হয়েছিল। অর্থাৎ, পুরো ঘটনাটি ছিল রীতিমতো ছক কষে করা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে কুখ্যাত লরেন্স বিশ্নোই গ্যাং। গ্যাংয়ের সদস্যরা বেশ কিছু দিন ধরে গোপনে রোহিত শেট্টির বাড়ির চারপাশে ‘রেকি’ চালায়। শুধু বাড়ির সামনে নয়, আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে নজর রাখা হয়েছিল। কোন রাস্তা দিয়ে এলাকায় ঢোকা যায়, কোন পথে দ্রুত বেরোনো সম্ভব, পুলিশি টহলের সময় ও গতিবিধি—সবকিছুই খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়েছিল।
তদন্তে আরও উঠে এসেছে, হামলা চালানোর সময় আততায়ীরা একটি স্কুটার ব্যবহার করে, যাতে গুলি চালানোর পর দ্রুত এলাকা ছেড়ে পালানো যায়। পরিকল্পনা অনুযায়ী, হামলার পর ওই স্কুটারটি ভিলে পার্লে রেলওয়ে স্টেশনের কাছে ফেলে রেখে তারা লোকাল ট্রেনে চেপে মুম্বই ছেড়ে পালায়।
পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত স্কুটারটি প্রায় ৩০ হাজার টাকায় কেনা হয়েছিল। এই টাকা জুগিয়েছিলেন শুভম লোনকর নামে এক ব্যক্তি। তদন্তকারীদের দাবি, সমর্থ পোমাজি নামে আর এক অভিযুক্ত সরাসরি হামলাকারীকে সক্রিয় ভাবে সাহায্য করেছিল। শুভম লোনকরের নির্দেশে সমর্থ ও আদিত্য গায়কোয়াড় মিলে স্কুটার কেনার ব্যবস্থা করে। তাঁরা দু’জনেই গোটা ষড়যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন বলে পুলিশের দাবি।
এছাড়াও জানা গিয়েছে, সমর্থ নিয়মিত ভাবে ‘সিগন্যাল’ অ্যাপের মাধ্যমে শুভম এবং লোনকরের সঙ্গে যোগাযোগ রাখত। পুলিশের মতে, সমর্থের পরিকল্পনাতেই পুরো হামলার ছক বাস্তবায়িত হয়। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনও পলাতক। তাকে ধরতে তদন্তকারী আধিকারিকেরা প্রতিটি সূত্র ধরে তল্লাশি চালাচ্ছেন এবং অভিযান জোরদার করা হয়েছে।