ad
ad

Breaking News

Oscar

অস্কারের মঞ্চে ড্রোন হামলার আশঙ্কায় ক্যালিফোর্নিয়ায় ‘হাই অ্যালার্ট’

বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ এই অস্কার পুরস্কারকে সামনে রেখে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।

oscars-security-fbi-drone-attack-alert-hollywood-iran-tension

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব এবার পড়তে শুরু করেছে হলিউডেও। আমেরিকা, ইজরায়েল এবং ইরানের মধ্যে চলা সংঘাতের আবহে ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য ড্রোন হামলার সতর্কতা জারি হওয়ায় আসন্ন অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ এই অস্কার পুরস্কারকে সামনে রেখে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার থেকেই অনুষ্ঠানের ভেন্যুতে রেড কার্পেট বিছিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করা হয়েছে। এবারের অস্কার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় হাস্যকৌতুক অভিনেতা ও সঞ্চালক কোনান ও’ব্রায়েন।

তবে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মাঝেই সামনে এসেছে নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই সম্প্রতি ক্যালিফোর্নিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে জানিয়েছে, মার্কিন সামরিক পদক্ষেপের জেরে ইরান পশ্চিম উপকূল লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করতে পারে।

এই সতর্কতার পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়াজুড়ে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ দফতর জানিয়েছে, তারা এখন উচ্চ সতর্কতায় রয়েছে এবং সম্ভাব্য যেকোনও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। যদিও সম্ভাব্য হামলা সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, অস্কার অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক রাজ কাপুর জানান, অতিথি এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।

সব মিলিয়ে বিশ্ব রাজনীতির টানাপোড়েনের আবহে হলিউডের সবচেয়ে বড় পুরস্কার মঞ্চকেও এবার বাড়তি সতর্কতার মধ্যেই নিজেদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে হচ্ছে।