ad
ad

Breaking News

Mithun Chakraborty

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী! খবর পেয়েই তড়িঘড়ি ছুটে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

এদিন মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ‘মহাগুরু’র শারীরিক অবস্থার খুঁটিনাটি খোঁজখবর নেন।

Mithun Chakraborty Surgery: CM Suvendu Adhikari Visits Hospitalized Actor

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: অসুস্থ হয়ে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। জানা গেছে, হাসপাতালে ইতিমধ্যেই তাঁর একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে অভিনেতার অসুস্থতার খবর পাওয়ার পরপরই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ‘মহাগুরু’র শারীরিক অবস্থার খুঁটিনাটি খোঁজখবর নেন।

রাজনীতি ও বিনোদন জগতের এই মেলবন্ধন নতুন নয়। কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী, যা নিয়ে সেই সময় রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক ও চর্চা হয়েছিল। তবে নিজের বয়স ও শারীরিক প্রতিকূলতার তোয়াক্কা না করে ২৬-এর বিধানসভা নির্বাচনেও বিজেপির হয়ে রাজ্যজুড়ে চুটিয়ে প্রচার চালিয়েছেন তিনি। একের পর এক জেলায় রোড শো থেকে শুরু করে প্রচার সভা করেছেন। নির্বাচনী প্রচারের মাঝপথে একাধিকবার অসুস্থ বোধ করলেও তিনি দমে যাননি, পরিবর্তনের লক্ষ্য নিয়ে রাজ্যজুড়ে ঘুরে বেরিয়েছেন। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিউটাউনে এই বর্ষীয়ান অভিনেতার বাসভবনে গিয়ে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তিনি হাসপাতালে ভর্তি শুনেই নিজের সমস্ত ব্যস্ততা সরিয়ে তড়িঘড়ি দেখতে ছোটেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার সকালে চিনার পার্কের বাসভবন থেকে বেরিয়ে সোজা বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। অভিনেতার শারীরিক অবস্থা কেমন রয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। পরবর্তীতে তিনি উপস্থিত চিকিৎসক দলের থেকেও শারীরিক অগ্রগতির বিষয়ে জেনে নেন। সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী নিজেই সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে মিঠুন চক্রবর্তীর শারীরিক সুস্থতা কামনা করেন এবং আশ্বস্ত করেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তীর হাতে একটি সফল অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ভাল আছেন। সব কিছু ঠিক থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।