Bengla Jago Desk: ভালবাসার দিনে তাঁর ভক্তদের বড় উপহার দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। দীর্ঘ দিন ধরেই অঙ্কুশ অভিনীত ‘মির্জা’ ছবির জন্য অপেক্ষা করছিলেন অনুরাগীরা।তার কারণ এই প্রথমবার প্রযোজক হিসেবেও দেখা যাবে তাঁকে। এবার দর্শকদের সামনে তিনি প্রকাশ্যে আনলেন মির্জার ফার্স্টলুক।
এই ছবিতে জোকার মির্জার অবতারে ধরা দেবেন অঙ্কুশ। ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্ধকার জগতের বিভিন্ন কার্যকলাপ উঠে আসবে এই ছবির পরতে পরতে। অঙ্কুশ ও কৌশিক কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়া এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঐন্দ্রিলা সেন, ঋষি কৌশিকের মতো জনপ্রিয় অভিনেতাদের। ছবির প্রথম ঝলকে ছবির প্রতিটা চরিত্রের সঙ্গে পরিচয় করালেন স্বয়ং মির্জা অঙ্কুশ।
‘মির্জা’ যে মূলত অ্যাকশনধর্মী হবে সেটা ছবির মোশন পোস্টার রিলিজ থেকেই জানা গিয়েছিল। সদ্য মুক্তি পাওয়া ফার্স্টলুকে দেখা গেল তারই বিশেষ ঝলক। সরস্বতী পুজো ও প্রেম দিবসের পাশাপাশি বুধবার ছিল অঙ্কুশের জন্মদিনও। সম্ভবত সেই কারণেই ‘মির্জা’-র ফার্স্টলুক প্রকাশ্যে আনার জন্য এই দিনটিই বেছে নিয়েছেন প্রযোজক অঙ্কুশ। সুমিত ও সাহিল পরিচালিত ‘মির্জা’ আসছে চলতি বছর ঈদে।