চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: লিওনেল মেসিকে এক নজর দেখার অপেক্ষায় থাকা কলকাতার দর্শকদের হতাশা থেকেই বিক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয় স্টেডিয়ামে। মেসির দেখা না মেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে বিশৃঙ্খলার পরিস্থিতিও তৈরি হয়। এর মধ্যেই কলকাতা সফর শেষ করে মেসি পাড়ি দিয়েছেন হায়দরাবাদের উদ্দেশে।
‘গোট’ ট্যুরে অংশ নিতে মেসির কলকাতা সফর ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল। শহরে থাকার সময় তিনি হোটেলেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। মেসির সঙ্গে দেখা করতে শাহরুখ বিশেষভাবে কলকাতায় উড়ে এসেছিলেন বলে জানা গেছে।
কলকাতার পর মেসির পরবর্তী গন্তব্য হায়দরাবাদ। এরপর রবিবার তিনি দিল্লি ও মুম্বই সফরে যাবেন। সূত্রের খবর, মুম্বইয়ে মেসির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন অভিনেত্রী করিনা কাপুর খান। মায়ানগরীতে মেসির সঙ্গে তাঁর দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে করিনা একা নন, মুম্বইয়ের অনুষ্ঠানে আরও একাধিক তারকা উপস্থিত থাকতে পারেন। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন জ্যাকি শ্রফ, জন আব্রাহাম এবং ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। যদিও অনুষ্ঠানের চূড়ান্ত অতিথি তালিকা ও বিস্তারিত কর্মসূচি এখনও প্রকাশ করা হয়নি।