চিত্র- সংগৃহীত
AK Bangla 24×7 Digital: প্রকৃতির রুদ্ররোষে কার্যত বিধ্বস্ত গোটা নেপাল। চিনের তিব্বত থেকে ধেয়ে আসা প্রবল হড়পা বান এবং তার জের ধরে তৈরি হওয়া দানবীয় জলের তোড়ে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একাধিক পাহাড়ি জনপদ। রসুয়া জেলা ও ভোটেকোশী নদীর আশপাশের এলাকাগুলিতে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে; জলবায়ুর এই প্রলয়লীলায় তিমুর ও স্যাফ্রুবেসির একাধিক বাড়িঘর, যানবাহন এবং গুরুত্বপূর্ণ সেতু ভেসে গিয়েছে। এই পরিস্থিতিতে সেখানে শুটিং করতে গিয়ে আটকে পড়ে চরম চরম বিপাকে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। বুধবার তাঁর ছেলে বিহু মুখোপাধ্যায় প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন এবং বৃহস্পতিবার সকালে স্বয়ং অভিনেতা নেপাল থেকে ফোনে তাঁদের করুণ পরিস্থিতির কথা জানান।
অভিনেতা খরাজ মুখোপাধ্যায় জানান, পোখরায় শুটিংয়ের সময় একটানা বৃষ্টিতে প্রায় ৫ ঘণ্টা জঙ্গল এলাকার মধ্যে আটকে থাকতে হয়েছিল তাঁদের। বৃহস্পতিবার কাঠমান্ডু থেকে বিমানে কলকাতায় ফেরার কথা থাকলেও জলমগ্ন রাস্তা এবং লাগাতার ধসের কারণে কাঠমান্ডু পৌঁছনোর সব পথ বন্ধ হয়ে যায়। ফলে বাতিল হয় বিমানের টিকিটও।
পরবর্তীতে স্থানীয় খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন যে গোরক্ষপুরের দিক যাওয়ার পথটি এখনও খোলা রয়েছে। সেই সড়কপথ ধরে আজ গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে সেখান থেকেই আগামী কাল বিমানে কলকাতায় ফেরার বিকল্প পরিকল্পনা করেছেন তাঁরা। অন্যদিকে, এই প্রাকৃতিক বিপর্যয়ে শতাধিক ভারতীয় তীর্থযাত্রী ও পর্যটকের নিখোঁজ থাকার খবর মিলছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।