নিজস্ব গ্রাফিক্স
AK Bangla Desk: প্রাকৃতিক দুর্যোগ ও প্রলয়ংকারী হড়পা বানে ছারখার হয়ে যাওয়া নেপাল থেকে অবশেষে নিরাপদে কলকাতায় ফিরে এলেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। গত দু’দিন ধরে চরম উৎকণ্ঠা ও উদ্বেগে দিন কাটাচ্ছিলেন অভিনেতার অগণিত অনুরাগী ও ঢালিউড-টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। সমাজমাধ্যমে প্রতি মুহূর্তের আপডেট দিয়ে ভক্তদের আশ্বস্ত করছিলেন খরাজের ছেলে বিহু মুখোপাধ্যায়। শুক্রবার শহরে ফিরে খরাজ নিজেই জানান, সব বাধা পার করে তাঁরা দুজনেই সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে তিলোত্তমায় ফিরেছেন।
বাংলাদেশি সিনেমা ‘শিকার’-এর শুটিং উপলক্ষে নেপালে গিয়েছিলেন প্রবীণ এই অভিনেতা। পোখরায় শুটিং চলাকালীনই আকস্মিক দুর্যোগের মুখে পড়েন তাঁরা। নেপালের পাহাড়ি রাস্তায় যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মারাত্মক সমস্যায় পড়তে হয় পুরো টিমকে।
কলকাতা বিমানবন্দরে নেমে আবেগাপ্লুত খরাজ মুখোপাধ্যায় বলেন, “আমি আর আমার স্ত্রী প্রতিভা নিরাপদে কলকাতায় ফিরে এসেছি। পোখরায় আমাদের ছবির শুটিং চলছিল। কিন্তু দুর্যোগ শুরু হওয়ার পর অনেক জটিলতা ও বাধা পেরিয়ে আমরা প্রথমে সড়কপথে গোরখপুরে পৌঁছাই। সেখান থেকে ট্রেন ও বিমান ধরে কলকাতায় ফিরলাম। এই কয়েকটা দিন অসংখ্য মানুষ আমাদের খোঁজ নিয়েছেন, ভালবাসা জানিয়েছেন। সকলের প্রার্থনা ও ভালবাসাতেই বিপদের মুখ থেকে সাবধানে ফিরে আসতে পেরেছি।”
একই ছবির কাজ চলাকালীন নেপালে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তিনি জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ভয় থাকলেও ছবির টিম সম্পূর্ণ নিরাপদ স্থানেই আশ্রয়ে ছিল। শুক্রবার কাঠমান্ডু থেকে সরাসরি ঢাকায় ফেরার কথা রয়েছে নায়িকার। অন্যদিকে, এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা টলিউড অভিনেতা রজতাভ দত্ত আকস্মিক ঘটনার আগেই কাজ শেষ করে কলকাতায় ফিরে এসেছিলেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে ভয়াবহ হড়পা বান আসে। মুহূর্তের মধ্যে কাদা ও জলের তোড়ে গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ভয়াবহ দুর্যোগে প্রাণ হারিয়েছেন প্রায় ৪৭৫ জন এবং নিখোঁজ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপের মাঝখান থেকে খরাজ মুখোপাধ্যায়ের নিরাপদে ফেরার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে টলিউড।