চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: বিক্রান্ত ম্যাসে। যার অভিনয় মুগ্ধ করেছে ৮-৮০ সকলকেই। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে বিক্রান্তের অভিনয় সারা ফেলেছিল গোটা দেশজুড়ে।
এই ছবির পর থেকেই বিক্রান্তের জনপ্রিয়তার বেড়ে যায় আরও কয়েকগুণ। আর এই সাফল্যের মাঝেই সম্প্রতি বিক্রান্ত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। আর তাতেই বিভ্রান্তি তৈরি হয় যে বিক্রান্ত ম্যাসে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন।
তবে এবার সেই সমস্ত বিভ্রান্তিই দূর করলেন অভিনেতা। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর সোশাল মিডিয়া পোস্টকে ভুলভাবে ব্যাখ্য়া করা হয়েছে।
আসলে তিনি পরিবারকে সময় দিতে বিরতি নিচ্ছেন, অবসর নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ”আমি কখনই ভাবিনি যে এমনটা হবে। টুয়েলভথ ফেল সবার পছন্দ হয়েছে। ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার স্বপ্নপূরণ হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত। তাঁর পাশে বসে সিনেমা দেখা।
একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে হয়ে এই পাওয়াটা অনেক বড়। আর এসব আমায় অভিনয়ই দিয়েছে। আসলে আমি সব দিক থেকে একটু বিশ্রাম চাই। একটু পরিবারকে সময় দিতে চাই। আর তাই বিরতির কথা বলেছি। অবসর নয়।”
আর এই খবর প্রকাশ্যে আসার পর কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন তার অনুরাগী। অনুরাগীদের মতে বিক্রান্ত আরও এগিয়ে যাক অভিনয় নিয়ে এবং আরও ভালো ভালো সিনেমা উপহার দিক দর্শকদের।
উল্লেখ্য, এর আগে বিক্রান্ত ম্যাসে তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সময় সঠিক সময় আসবে।’ সেই পোস্টেই অভিনেতার সংযোজন, ‘শেষ ২টো সিনেমা এবং আরও কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব।’ আর এরপর থেকেই শুরু হয় অভিনেতার অভিনয় থেকে অবসর নেওয়ার খবর। তবে সমস্ত বিভ্রান্তিতে জল ঢেলে অভিনেতা জানিয়েছিলেন তিনি অবসর নিচ্ছেন না। আর তাতে খুশি তার অনুরাগীরা।