ad
ad

Breaking News

স্বাধীনতা দিবস স্পেশাল! বড়পর্দা থেকে OTT—এই ৫ ছবিতে ফিরে আসবে স্বাধীনতার ইতিহাস

এ বারও ১৫ অগস্টকে ঘিরে দর্শকদের জন্য রয়েছে একাধিক ছবি ও সিরিজ।

independence-day-movies-top-films-to-watch-this-august

চিত্রঃ সংগৃহীত

AK Bangla 24×7 Digital: স্বাধীনতা দিবস এলেই চারপাশে তৈরি হয় দেশাত্মবোধের আবহ। সেই আবহের সঙ্গে তাল মিলিয়ে গত কয়েক বছরে চলচ্চিত্রেও বেড়েছে দেশাত্মবোধক গল্পের উপস্থিতি। কখনও স্বাধীনতা সংগ্রামের অজানা অধ্যায়, কখনও দেশভাগের ভয়াবহ স্মৃতি, আবার কখনও যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনার সাহসিকতা—ইতিহাসের নানা অধ্যায়ই উঠে এসেছে বড় এবং ছোট পর্দায়। এ বারও ১৫ অগস্টকে ঘিরে দর্শকদের জন্য রয়েছে একাধিক ছবি ও সিরিজ। এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন ছবিতে কী গল্প।

 

১. ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’

 

দীর্ঘ প্রতীক্ষার পর ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জিতের ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবির গল্প অনুপ্রাণিত স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন থেকে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন অনন্ত সিংহ। তবে তাঁকে ঘিরে বিতর্কও ছিল যথেষ্ট। এক দিকে তিনি বিপ্লবী, অন্য দিকে তাঁর বিরুদ্ধে উঠেছিল ডাকাতির অভিযোগ। তাঁর চরিত্রের এই দ্বন্দ্বই ছবির অন্যতম আকর্ষণ।

 

ছবিতে অনন্ত সিংহের ভূমিকায় অভিনয় করেছেন জিৎ। চরিত্রটির জন্য নিজের চেহারা এবং শরীরী ভাষাতেও পরিবর্তন এনেছেন অভিনেতা। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাশাপাশি ষাটের দশকের কলকাতার পরিবেশও ছবিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।

 

২. ‘বঁটওয়ারা ১৯৪৭’

 

দেশভাগের ক্ষত এবং সেই সময়ের সাধারণ মানুষের যন্ত্রণার গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন সানি দেওল। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বঁটওয়ারা ১৯৪৭’ মুক্তি পাচ্ছে ১৪ অগস্ট। ছবিতে সানি দেওলের পাশাপাশি রয়েছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, আলি ফজ়ল-সহ একাধিক অভিনেতা।

 

১৯৪৭-এর দেশভাগ বদলে দিয়েছিল উপমহাদেশের মানচিত্র। একই সঙ্গে ছিন্ন হয়েছিল অসংখ্য পরিবারের বন্ধন, ঘরছাড়া হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। সাম্প্রদায়িক হিংসা, অনিশ্চয়তা এবং বেঁচে থাকার লড়াইয়ের মধ্যেও মানবিকতা ও সহমর্মিতার যে ছবি দেখা গিয়েছিল, সেই দিকটিই তুলে ধরবে এই সিনেমা। রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি দেশভাগ সাধারণ মানুষের জীবনকে কী ভাবে বিপর্যস্ত করেছিল, সেটিও থাকবে গল্পের কেন্দ্রে।

 

৩. ‘ভারত ভাগ্যবিধাতা’

 

স্বাধীনতা দিবসের আবহে সাহস ও মানবিকতার গল্প দেখতে চাইলে তালিকায় রাখা যেতে পারে কঙ্গনা রনৌতের ‘ভারত ভাগ্যবিধাতা’। ছবিটি ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সদ্য ওটিটিতেও এসেছে। ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার সময় কামা হাসপাতালের কর্মীদের সাহসিকতার ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।

 

জঙ্গি হামলার ভয়াবহ পরিস্থিতিতেও হাসপাতালের নার্স, ওয়ার্ড বয় এবং অন্যান্য কর্মীরা নিজেদের দায়িত্ব থেকে সরে যাননি। তাঁদের সাহস এবং কর্তব্যবোধই ছবির মূল বিষয়। কঙ্গনাকে দেখা গিয়েছে এক নার্সের চরিত্রে। ১৪ অগস্ট থেকে জ়ি ফাইভে দেখা যাবে ছবিটি।

 

৪. ‘অপারেশন সফেদ সাগর’

 

যুদ্ধের গল্প যাঁদের পছন্দ, তাঁদের জন্য রয়েছে ‘অপারেশন সফেদ সাগর’। ৭ অগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই সিরিজ়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পটভূমিতে তৈরি এই সিরিজ়ে তুলে ধরা হয়েছে ভারতীয় বায়ুসেনার একটি দুঃসাহসিক অভিযানের কাহিনি।

 

সিদ্ধার্থ, জিমি শেরগিল এবং অভয় বর্মাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। কার্গিল যুদ্ধে ভারতীয় বায়ুসেনার ভূমিকা, প্রতিকূল পরিস্থিতিতে বিমানচালকদের লড়াই এবং তাঁদের সাহসিকতাই গল্পের মূল বিষয়। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই সিরিজে  যুদ্ধের উত্তেজনার পাশাপাশি সেনাদের ব্যক্তিগত সংগ্রাম এবং আবেগও গুরুত্ব পেয়েছে।

 

৫. ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

 

দেশভাগের পটভূমিতে প্রেম, বিচ্ছেদ এবং ফিরে আসার অপেক্ষার গল্প বলেছেন ইমতিয়াজ আলি তাঁর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ছবিতে। ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর ৭ অগস্ট থেকে নেটফ্লিক্সেও দেখা যাচ্ছে ছবিটি।

 

দিলজিৎ দোসাঞ্ঝ, বেদাঙ্গ রায়না, শর্বরী এবং নসীরুদ্দীন শাহ অভিনীত এই ছবির কেন্দ্রে রয়েছে এক হারিয়ে যাওয়া প্রেমের গল্প। ১৯৪৭-এর দেশভাগ শুধু ভূখণ্ডের সীমারেখা বদলায়নি, ছিন্ন করেছিল অসংখ্য সম্পর্কও। সেই ইতিহাসের প্রেক্ষাপটে প্রেম ও বিচ্ছেদের গল্পকে সামনে এনেছেন ইমতিয়াজ। তাঁর পরিচিত রোম্যান্টিক আখ্যানের সঙ্গে এখানে মিশেছে দেশভাগের গভীর ক্ষত এবং হারিয়ে যাওয়ার বেদনা।