ad
ad

Breaking News

Iman Chakraborty

কুরুচিকর মন্তব্যে বিদ্ধ জাতীয় পুরস্কারজয়ী ইমন, নিলেন চরম সিদ্ধান্ত

এক শ্রেণির মানুষ লাগাতার ব্যক্তিগত আক্রমণ চালিয়ে যাচ্ছেন।

Iman Chakraborty Quits Social Media

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: সামাজিক মাধ্যমে কুরুচিকর আক্রমণের জেরে এক চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। আক্রমণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, গায়িকার মৃত মাকেও টেনে এনে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ইমন বৃহস্পতিবার সকালে ফেসবুক লাইভে এসে ঘোষণা করেছেন যে, তিনি আপাতত সামাজিক মাধ্যম থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিচ্ছেন।

সাধারণত তারকারা অনুরাগী ও সাধারণ মানুষের সাথে যোগাযোগ বজায় রাখতে সামাজিক মাধ্যম ব্যবহার করেন, কিন্তু সেই সুযোগ নিয়ে এক শ্রেণির মানুষ লাগাতার ব্যক্তিগত আক্রমণ চালিয়ে যাচ্ছেন। ঘটনার সূত্রপাত ইমনের মায়ের মৃত্যুবার্ষিকীতে। মায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন গায়িকা। সেই পোস্টের নিচেই এক ব্যক্তি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে বসেন। অভিযোগ অনুযায়ী, সেখানে গায়িকাকে ‘চটি চাটা’ বলে সম্বোধন করা হয় এবং তাঁর অর্জিত ‘বঙ্গবিভূষণ’ সম্মান নিয়েও কটাক্ষ করা হয়। এমনকি তাঁর মৃত মাকে উদ্দেশ্য করে অত্যন্ত সংবেদনহীন মন্তব্য করা হয় বলে অভিযোগ।

এই কুরুচিকর মন্তব্যে কার্যত ভেঙে পড়েছেন শিল্পী। লাইভে এসে তিনি প্রশ্ন তোলেন, গান গাওয়া বা সম্মান পাওয়া নিয়ে কেন তাঁর পরিবার বা মৃত মাকে টেনে আনা হবে? ইমন বলেন, তিনি তাঁর ক্যারিয়ারে সব ধরনের গান গেয়েছেন, এমনকি পাঁচালিও গেয়েছেন। সেটা নিয়ে তাঁর বা তাঁর পরিবারের কোনও আক্ষেপ নেই। কিন্তু একজন মানুষের ব্যক্তিগত শোকের জায়গায় দাঁড়িয়ে এমন আক্রমণ মেনে নেওয়া অসম্ভব।

দীর্ঘদিন ধরেই ট্রোলিং এবং নেতিবাচক কমেন্টের শিকার হচ্ছিলেন ইমন। তবে এবারের ঘটনা তাঁর সহ্যসীমা ছাড়িয়ে গিয়েছে। শিল্পী জানিয়েছেন, এই ধরনের আক্রমণ তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে আর কোনও ব্যক্তিগত মুহূর্ত বা পরিবারের ছবি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করবেন না। তবে তাঁর পেশাগত কাজ বা গানের ভিডিও সংক্রান্ত পোস্টগুলি যথারীতি চলবে। মূলত সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ার জন্যই তিনি এই কঠিন পদক্ষেপ নিচ্ছেন বলে স্পষ্ট করেছেন।