ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk: মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল সৌমিতৃষার পথচলা। চরিত্রের মধ্য দিয়ে সকলের মন কেড়েছিলেন তিনি। তারপর মিঠাই সিরিয়াল থেকে সোজা সিনেমার পর্দায়। দেবের হাত ধরে ‘প্রধান’ ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ হয় তাঁর। আপাতত, ধারাবাহিক থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। কিন্তু লোকসভা ভোটের আগে রাজ চক্রবর্তীর পাশে প্রচারে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তখন থেকেই জল্পনার শুরু। টলিউডে পা দিয়েই কি রাজনীতিতে নামতে চাইছেন সৌমিতৃষা? প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, ‘আমার কাছে দেবদা, রাজদা যেন এক অভিভাবকের মত। সঠিক উপদেশটা তাঁদের থেকে পেয়ে থাকি। আমার গাইড তারা।‘ ভোটের প্রচার সম্পর্কে তিনি আরও বলেন, ‘দেব দা আমায় ডাকেননি। তবে ওই সময় ভীষণ গরম ছিল তো তাই হয়তো ডাকেননি। অনেকটা যেতে হতো আমায়। দেব দা এসব নিয়ে খুবই চিন্তা করেন। তবে রাজদার সঙ্গে প্রচারে বেরিয়েছিলাম।‘
সৌমিতৃষা কখনো রাজনীতিতে আসবেন কিনা প্রসঙ্গ উঠলে মনোহরার মিঠাইরানি জানান, ‘কেউ কখনও যদি আমায় যোগ্য মনে করেন নিশ্চয় করব। আমি মানুষের সেবা করতে চাই। তার জন্য সবসময় আছি। আমি কেন, সবার থাকা উচিত। পদ না থাকলেও কাজ করা উচিত। পদ থাকলে অনেকটা এগিয়ে যাওয়া যায়। অনেক তাড়াতাড়ি করা যায় সেই কাজটা যেটা আমি করতে চাইছি। কিন্তু আমি সত্যিই রাজনীতি করতে চাই কিনা কখনও ভেবে দেখিনি সেভাবে।’