ad
ad

Breaking News

Subhashree Ganguly

দুবাইয়ে আটকে শুভশ্রী-ইউভান! উৎকণ্ঠায় দিন কাটছে রাজ চক্রবর্তীর

বর্তমানে বিদেশের মাটিতে আটকে পড়া স্ত্রী ও সন্তানকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর।

Subhashree Ganguly and Son Stranded

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: পশ্চিম এশিয়ার অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁর ছেলে ইউভান। ছেলের স্কুলের ছুটি চলাকালীন তার আবদার মেটাতে শনিবারই দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেখানে পৌঁছনোর পরেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। বর্তমানে বিদেশের মাটিতে আটকে পড়া স্ত্রী ও সন্তানকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাজ জানিয়েছেন যে, শুভশ্রী ও ইউভান দুবাইয়ের পাম জুমেইরা এলাকায় একটি হোটেলে রয়েছেন। গত রাতেই তাঁদের সঙ্গে কথা হয়েছে রাজের। উদ্বেগের বিষয় হলো, ওই হোটেলের খুব কাছেই একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বর্তমানে সেখানকার সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করে সাধারণ মানুষকে ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। রাজের কথায়, ছোট ছেলে সঙ্গে থাকায় দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই বেশি হচ্ছে। তবে সেখানে তাঁদের পরিচিত বন্ধু ও আত্মীয়রা রয়েছেন, যাঁরা শুভশ্রী ও ইউভানের দেখাশোনা করছেন। রাজ আপাতত কলকাতায় তাঁদের শিশুকন্যা ইয়ালিনিকে সামলাচ্ছেন।

স্ত্রীয়ের নিরাপত্তা নিয়ে রাজ আরও জানান যে, এখনই তিনি কোনও সরকারি সাহায্যের আবেদন করেননি। তবে তিনি আশাবাদী যে পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা দ্রুত নিরাপদে বাড়ি ফিরে আসতে পারবেন। উল্লেখ্য, ইরান ও ইজরায়েল সংঘাতের জেরে শনিবার থেকে সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব ও কাতারের বিভিন্ন শহরে হামলা শুরু হয়েছে। দুবাই ও আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার খবর মেলায় সেখানে আতঙ্ক ছড়িয়েছে।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়াও বিনোদন ও ক্রীড়া জগতের আরও বেশ কিছু ব্যক্তিত্ব এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সোনাল চৌহান এবং ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এমনকি ভারতের জাতীয় বাস্কেটবল দলও এই যুদ্ধকালীন পরিস্থিতির কবলে পড়েছে। সাধারণ পর্যটক থেকে শুরু করে বিভিন্ন পেশার অসংখ্য ভারতীয় নাগরিক এখন দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন। আকাশসীমা বন্ধ থাকায় তাঁদের ফেরা এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।