চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: মুম্বইয়ের জুহু এলাকায় একটি বন্ধ গাড়ির ভিতরে দীর্ঘ সময় ধরে আটকে থাকা একটি পোষ্য কুকুরকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জয়া ভট্টাচার্য। প্রচণ্ড গরমের মধ্যে কুকুরটিকে তালাবন্দি অবস্থায় দেখে তিনি আর চুপ করে থাকেননি। স্থানীয় বাসিন্দা ও পুলিশকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযানে নামেন অভিনেত্রী। পরে সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, একটি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী দেখতে জুহু এলাকায় গিয়েছিলেন জয়া। অনুষ্ঠান শেষে বাইরে বেরিয়ে তিনি দেখতে পান, একটি গাড়ির ভিতরে একটি পোষ্য কুকুর দীর্ঘক্ষণ ধরে আটকে রয়েছে। গাড়ির জানলা সামান্য খোলা থাকলেও কুকুরটিকে বের করে আনার মতো পরিস্থিতি ছিল না। গাড়ির মালিকেরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরিস্থিতির গুরুত্ব বুঝে জয়া স্থানীয় কয়েকজনকে সাহায্যের জন্য ডাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়ির কোনও ক্ষতি না করেই কুকুরটিকে উদ্ধার করার চেষ্টা শুরু হয়। কেউ জানলার ফাঁক দিয়ে দরজার লক খোলার চেষ্টা করেন, আবার পুলিশ গাড়ির নম্বরের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়। ঘটনার ভিডিওতে গাড়ির মালিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জয়া ভট্টাচার্য। তিনি বলেন, একটি শিশুকে যেমন গাড়ির ভিতরে একা ফেলে রাখা যায় না, তেমনই একটি নিরীহ প্রাণীকেও এভাবে বন্ধ গাড়ির ভিতরে রেখে যাওয়া চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। অতীতে এ ধরনের একাধিক ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, এত সতর্কতার পরও মানুষ কেন শিক্ষা নেয় না, সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রশ্ন।
অভিনেত্রী জানান, তিনি প্রায় আধ ঘণ্টা ঘটনাস্থলে অপেক্ষা করেছিলেন। কিন্তু সেই সময়ের মধ্যেও গাড়ির মালিক ফিরে আসেননি। শেষ পর্যন্ত উপস্থিত মানুষ ও পুলিশকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় কুকুরটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর নতুন একটি ভিডিও পোস্ট করে জয়া সকলকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, “এটাই ঐক্যের শক্তি। সবাই একসঙ্গে এগিয়ে আসার জন্যই একটি প্রাণকে বাঁচানো সম্ভব হয়েছে।” উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি প্রাণীকল্যাণমূলক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় জয়া ভট্টাচার্য। পথপ্রাণীদের উদ্ধার, আহত পশুর চিকিৎসার ব্যবস্থা এবং প্রাণীদের প্রতি দায়িত্বশীল আচরণের বার্তা ছড়িয়ে দিতে তিনি নিয়মিত কাজ করে চলেছেন।