চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ভারতে এবং আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়লেও জাপানের বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ১০ জুলাই জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিন দর্শকদের মন টানতে ব্যর্থ হয়েছে। ট্রেড রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনে জাপানে ছবিটি দেখতে এসেছিলেন মাত্র ৯০০ জন দর্শক। প্রথমে ৫৭টি প্রেক্ষাগৃহে দুপুর ২টো পর্যন্ত মাত্র ৪৪৯টি টিকিট বিক্রি হয়েছিল। পরে প্রদর্শনের সংখ্যা বাড়িয়ে ৮০টি হলেও দিনের শেষে মোট দর্শকসংখ্যা দাঁড়ায় মাত্র ৯০০। ফলে সপ্তাহান্তে জাপানের শীর্ষ ২৫ সর্বাধিক দেখা ছবির তালিকাতেও জায়গা করে নিতে পারেনি ধুরন্ধর।

জাপানে ভারতীয় ছবির উদ্বোধনী দিনের সেরা দশের তালিকায় ঢুকতেও ব্যর্থ হয়েছে ছবিটি। বর্তমানে সেই তালিকার দশম স্থানে রয়েছে সালমান খান অভিনীত ‘টাইগার ৩’, যার প্রথম দিনের দর্শকসংখ্যা ছিল ১,৩০০। এর আগে ‘পুষ্পা ২’-ও এই তালিকায় জায়গা করে নিতে পারেনি। জাপানে ভারতীয় ছবির উদ্বোধনী দিনের রেকর্ড এখনও ‘আরআরআর’-এর দখলে। প্রথম দিন ছবিটি ৮,২৩০ জন দর্শক টেনেছিল। এরপর রয়েছে ‘সাহো’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘পাঠান’, ‘সালার’, ‘জওয়ান’, ‘রঙ্গস্থলম’, ‘দেবরা’, ‘বাহুবলী ২’ এবং ‘টাইগার ৩’।

তবে জাপানে হতাশাজনক সূচনা হলেও বিশ্ববাজারে দুর্দান্ত সাফল্য পেয়েছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। ছবিটি ইতিমধ্যেই ১,৮১৩ কোটি টাকা আয় করেছে। প্রথম ছবির ১,৩০৭ কোটি টাকা আয়ের সঙ্গে মিলিয়ে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় ৩,০১৯.৩৫ কোটি টাকা, যা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম কোনও ফ্র্যাঞ্চাইজি হিসেবে ৩,০০০ কোটির গণ্ডি পেরিয়েছে। এছাড়াও, উপসাগরীয় দেশ ও চীনের আয় ছাড়াই সর্বাধিক ব্যবসা করা ভারতীয় ছবির তকমাও পেয়েছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদি, গৌরব গেরা-সহ একাধিক অভিনেতা।