চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বক্স অফিসে কার্যত অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ভাগের সাফল্যের রেশ ধরে সিক্যুয়েলটিও যে বক্স অফিস কাঁপাবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিলেন বাণিজ্য বিশ্লেষকরা। গত ১৯ মার্চ মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই সেই জল্পনা সত্যি করে বিশ্বজুড়ে ১৬২২ কোটির ব্যবসা পার করেছে এই ছবি। ‘ধুরন্ধর ২’-এর এই অভাবনীয় সাফল্যের মাঝেই এবার প্রেক্ষাগৃহে সশরীরে হাজির হলেন ক্রিকেট সম্রাট বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা। দীর্ঘ চার ঘণ্টার এই টানটান উত্তেজনার ছবি দেখে পরিচালক আদিত্য ধরের মুন্সিয়ানায় মুগ্ধ ‘বিরুষ্কা’ দম্পতি।
গত দু-বছর ধরে লন্ডনের নিভৃতে সংসার পাতা বিরাট-অনুষ্কা বর্তমানে লাইমলাইটের আড়ালেই থাকতে পছন্দ করেন। বিশেষ করে অনুষ্কা দীর্ঘ আট বছর বড় পর্দা থেকে দূরে রয়েছেন এবং বলিউডের কোনো অনুষ্ঠান বা সিনেমা নিয়ে তাঁকে সেভাবে মুখ খুলতেও দেখা যায় না। তবে প্রাক্তন সহ-অভিনেতা রণবীর সিংয়ের এই ব্লকবাস্টার কীর্তি দেখে নিজেকে আর আটকে রাখতে পারলেন না অভিনেত্রী। সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বার্তায় অনুষ্কা জানান, পরিচালক আদিত্য ধর অত্যন্ত নিষ্ঠা ও প্রত্যয়ের সঙ্গে এই মাস্টারপিসটি তৈরি করেছেন। রণবীর সিংয়ের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, রণবীর বরাবরই একজন মৌলিক ও আত্মবিশ্বাসী শিল্পী এবং ‘হামজা’ চরিত্রে তাঁর অভিনয় আজীবন মনে রাখার মতো। পাশাপাশি আর মাধবন, অর্জুন রামপাল ও রাকেশ বেদির অভিনয়েরও প্রশংসা করেন তিনি।
অন্যদিকে, কিং কোহলিও এই ছবি দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি। বিরাটের মতে, ভারতে এর আগে এমন সিনেম্যাটিক অভিজ্ঞতা তাঁর কোনোদিন হয়নি। চার ঘণ্টার এই সিনেমা চলাকালীন তিনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারেননি বলে জানান। পরিচালক আদিত্য ধরকে ‘জিনিয়াস’ আখ্যা দিয়ে কোহলি বলেন, রণবীর সিং এই ছবির মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। রণবীরের বলিষ্ঠ অভিনয়কে ‘অসাধারণের ঊর্ধ্বে’ বলে অভিহিত করেছেন বিরাট। সব মিলিয়ে, বক্স অফিসের গণ্ডি ছাড়িয়ে ‘ধুরন্ধর ২’ এখন খোদ বিরুষ্কার থেকেও কুর্নিশ আদায় করে নিল।