Bangla Jago Desk: দীর্ঘ অসুস্থতা এবং একের পর এক ভুয়ো খবরের ভিড়ের পর অবশেষে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র। তাঁর সুস্থতা ফের নিশ্চিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবার থেকে অনুরাগী—সকলেই। এখন পরিবারের ব্যস্ততা আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশনকে কেন্দ্র করে। রীতিমতো জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্ত্রী হেমা মালিনী।
গত ২ নভেম্বর ছিল ধর্মেন্দ্র-হেমার মেয়ে ইষা দেওলের জন্মদিন। কিন্তু বাবার অসুস্থতার কারণে নিজের জন্মদিনে উচ্ছ্বাস দেখানোর মতো মনোভাব ছিল না তাঁর। তাই সূত্রের দাবি, আগামী মাসে বাবা ও মেয়ের জন্মদিন একসঙ্গে উদ্যাপন করার পরিকল্পনা করেছে দেওল পরিবার। যেহেতু জোড়া জন্মদিন, তাই কোনো খামতি রাখতে চান না হেমা। শুধু জমকালো খাওয়াদাওয়াই নয়, পরিবার ছাড়াও ঘনিষ্ঠ মহলের বহু পরিচিত মুখকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে। অসুস্থতার ধাক্কায় যে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল, সেটি কাটিয়ে বাড়িতে আবার প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে চায় পরিবার।
উল্লেখ্য, ১০ নভেম্বর ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বলিউড থেকে সাধারণ মানুষ—অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনকি তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটাতেও সময় লাগেনি। পরে পরিবারের পক্ষ থেকে সেই খবর মিথ্যে বলে নিশ্চিত করা হয়। ভুয়ো মৃত্যুর খবর ছড়াতেই এক্স-এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হেমা মালিনী। তিনি লেখেন, “যা হচ্ছে তা একেবারেই ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেল কীভাবে একজন অসুস্থ মানুষকে নিয়ে এমন মিথ্যে খবর ছড়াতে পারে? দয়া করে এই কঠিন সময়ে পরিবারকে সম্মান করুন, আমাদের একটু একান্তে থাকতে দিন।”
১২ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। কিন্তু এর মধ্যেই আবার নেটপাড়ায় ভাইরাল হয় ধর্মেন্দ্রর একটি ভিডিও, যেখানে দেখা যায়—তিনি হাসপাতালের বেডে অচৈতন্য হয়ে শুয়ে আছেন। এই ব্যক্তিগত মুহূর্তটি গোপনে ক্যামেরাবন্দি করেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক কর্মচারী। শুধু গোপনে ভিডিও করাই নয়, সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তিনি।
ঘটনার পরই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং বেআইনি রেকর্ডিংয়ের অভিযোগে ওই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার নিন্দায় মুখর হয়েছেন বলিউড সহ বহু মানুষ।



