চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিচ্ছেদের গুঞ্জনে যখন উত্তাল টিনসেল টাউন, ঠিক তখনই নিন্দুকদের মুখে ছাই দিয়ে সুখবর শোনালেন এই ‘পাওয়ার কাপল’। দীর্ঘদিনের প্রেম আর আট বছরের সুখী দাম্পত্যে ইতি টানার জল্পনা উড়িয়ে দিয়ে রবিবার সকালে অক্ষয় তৃতীয়ায় ফের মা হওয়ার খবর ভাগ করে নিলেন দীপিকা। প্রথম সন্তান দুয়ার জন্য খেলার সঙ্গী নিয়ে আসার এই ঘোষণায় এখন খুশির আমেজ ভক্তমহলে। সোশ্যাল মিডিয়ায় একরত্তি দুয়ার হাতে ধরা প্রেগকালার টিউবের মাধ্যমে নিজেদের জীবনের এই নতুন ইনিংসের কথা জানিয়েছেন যুগলে।
View this post on Instagram
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জন্ম হয়েছিল দীপিকার প্রথম কন্যা সন্তান দুয়ার। মেয়ের বয়স দেড় বছর পেরোতেই দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন অভিনেত্রী। এই খবরের পর থেকেই ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন রণবীর-দীপিকা। অন্যদিকে, ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও দীপবীরের এখন সুবর্ণ সময়। একদিকে রণবীরের সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধুর ২’-এর বিশ্বব্যাপী বক্স অফিস সাফল্য, তো অন্যদিকে মা হওয়ার পর বড়পর্দায় দীপিকার রাজকীয় প্রত্যাবর্তনের প্রস্তুতি।
চলতি বছরের শেষে অথবা ২০২৭-এর শুরুতে মুক্তি পেতে চলেছে দীপিকার পরবর্তী সায়েন্স ফিকশন ছবি ‘রাকা’। এই ছবির হাত ধরেই নতুন করে কামব্যাক করবেন তিনি। তবে ছবির সাফল্যের খবরের মাঝেই শিরোনামে এসেছে দীপিকার পারিশ্রমিক। শোনা যাচ্ছে, এই ছবির জন্য তিনি আনুমানিক ২৫ কোটি টাকা নিয়েছেন, যা ছবির সহ-অভিনেতা আল্লু অর্জুনের তুলনায় বেশ কম হওয়া সত্ত্বেও বলিউডের নারীপ্রধান চরিত্রের নিরিখে যথেষ্ট ঈর্ষণীয়। সব মিলিয়ে নতুন অতিথি আসার আনন্দ আর কেরিয়ারের সাফল্য— দুইয়ে মিলে রণবীর-দীপিকার জীবনে এখন খুশির ডবল ডোজ।