চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: দীর্ঘ প্রেমের সম্পর্কের পর দাম্পত্যে পা রেখেছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থেকেছেন দু’জনেই। তাঁদের সম্পর্ক কিংবা সংসার নিয়ে খুব বেশি মন্তব্য করতেও দেখা যায়নি দীপিকার বাবা তথা কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনকে। তবে এবার মেয়ে-জামাইয়ের প্যারেন্টিং নিয়ে মুখ খুললেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থীর আবহে প্রথম সন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। রণবীর-দীপিকার কোল আলো করে আসে মেয়ে দুয়া। মেয়ের জন্মের পর থেকেই তারকা দম্পতির ব্যক্তিগত জীবন ঘিরে অনুরাগীদের আগ্রহ আরও বেড়েছে। ব্যস্ত শিডিউলের মধ্যেও কীভাবে সন্তানের দেখভাল করেন তাঁরা, তা নিয়েও কৌতূহল ছিল ভক্তদের মধ্যে।
এবার সেই অন্দরমহলের কথাই জানালেন প্রকাশ পাড়ুকোন। তাঁর কথায়, মা হিসেবে দীপিকা অনেকটাই বেশি দায়িত্ব সামলান। তবে রণবীর কাজের বাইরে থাকলে তিনিও মেয়েকে সামলাতে সাহায্য করেন। প্রকাশ জানান, দুয়াকে বড় করে তোলার ক্ষেত্রে দুই পরিবারের সদস্যরাও পাশে রয়েছেন। অর্থাৎ শুধু বাবা-মা নন, দাদু-দিদা ও পরিবারের বাকিরাও খুদের দেখাশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। নাতনিকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রকাশ পাড়ুকোন। তিনি জানান, আগে তিনি বুঝতেন না দাদু-দিদারা নাতি-নাতনিদের নিয়ে এত আবেগপ্রবণ হন কেন। কিন্তু দুয়ার জন্মের পর সেই অনুভূতি তিনি নিজে উপলব্ধি করতে পারছেন। তাঁর কথায়, দুয়া খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং তাকে ঘিরে পরিবারের সকলের জীবনেই নতুন আনন্দ এসেছে।
প্রকাশ আরও জানান, দুয়া প্যাডেল খেলা দেখতে ও খেলতে খুব পছন্দ করে। তাঁদের বাড়ির কাছেই একটি প্যাডেল খেলার মাঠ রয়েছে। পাশাপাশি ট্রেন দেখতেও নাকি ভীষণ ভালোবাসে ছোট্ট দুয়া। ক্যাম্প স্টেশনের কাছে থাকার কারণে ট্রেন দেখার সুযোগও পায় সে। শুধু তাই নয়, দুয়া নাকি খুবই মিশুকে স্বভাবের। মানুষের সঙ্গে দেখা হলে প্রায় সবাইকেই ‘হ্যালো’ বলে অভিবাদন জানায়। প্রকাশ পাড়ুকোনের মতে, ছোট বয়স থেকেই বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা দুয়াকে আরও মিশুকে করে তুলেছে। রণবীর ও দীপিকার ব্যস্ত পেশাগত জীবনের মাঝেও সন্তানের বেড়ে ওঠা ঘিরে পরিবারের এই উষ্ণ সমীকরণ এখন অনুরাগীদের মন ছুঁয়ে যাচ্ছে।