ad
ad

Breaking News

Ranveer-Deepika

‘রেডিট’ পোস্টে চাঞ্চল্যকর দাবি! দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের ইতি টেনে বিচ্ছেদের পথে রণবীর-দীপিকা!

এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সিনেমা জগতে।

Ranveer-Deepika Divorce Buzz Shocks Fans

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: দীর্ঘ ১৪ বছরের প্রেম আর ৮ বছরের সুখী দাম্পত্যে কি তবে সত্যিই ইতি পড়তে চলেছে? চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন বলিউডের অন্যতম চর্চিত দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিনের মতানৈক্য আর ক্রমবর্ধমান দূরত্বের কারণেই এই চরম সিদ্ধান্ত নিতে চলেছেন ‘দীপবীর’, এমনটাই কানাকানি শোনা যাচ্ছে বি-টাউনের অন্দরমহলে। এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সিনেমা জগতে।

এই চাঞ্চল্যকর গুঞ্জনের সূত্রপাত হয়েছে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ‘রেডিট’-এর একটি পোস্টকে কেন্দ্র করে। সেখানে দাবি করা হয়েছে, রণবীর ও দীপিকার সম্পর্কের সমীকরণ বর্তমানে এতটাই শীতল যে তাঁরা বিচ্ছেদের দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছেন। ভাইরাল হওয়া ওই পোস্ট অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই তারকা দম্পতি তাঁদের বৈবাহিক সম্পর্কের ইতি টানতে পারেন। প্রিয় জুটির ভাঙনের খবর শুনে বিষাদের সুর অনুরাগীদের মনে। বিশেষ করে তাঁদের দেড় বছরের সন্তান দুয়া-র ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন ভক্তরা।

জল্পনার আগুনে ঘি ঢেলেছে রণবীরের সাম্প্রতিক ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর আকাশছোঁয়া সাফল্য নিয়ে দীপিকার রহস্যময় নীরবতা। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এবং বলিউডের ‘গেম চেঞ্জার’ হিসেবে তকমা পেয়েছে। যেখানে ইন্ডাস্ট্রির তাবড় তারকারা রণবীরের সাফল্যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, সেখানে দীপিকার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট না থাকায় নেটিজেনদের রোষানলে পড়তে হয়েছে তাঁকে। ছবির প্রিমিয়ারে অনুপস্থিতি এবং পরবর্তীতে স্বামীর জয়জয়কার নিয়ে মুখ না খোলায় তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়।

অবশ্য দিন কয়েক আগেই সমালোচকদের কড়া জবাব দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি সাফ জানিয়েছিলেন যে, সাধারণ মানুষের দেখার অনেক আগেই তিনি ছবিটি দেখে ফেলেছেন এবং তাঁদের নিয়ে যারা হাসাহাসি করছে, তারাই আসলে হাসির পাত্র। তবে সাম্প্রতিক এই বিচ্ছেদ গুঞ্জন নিয়ে রণবীর বা দীপিকা— কেউই এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। যদিও ভক্তদের একটি বড় অংশ এখনও মনে করেন যে গ্ল্যামার দুনিয়ায় এমন বহু খবর রটে যার কোনো ভিত্তি নেই। শেষ পর্যন্ত এই মিষ্টি জুটি একসঙ্গে থাকছেন কি না, তা সময়ই বলবে।