ad
ad

Breaking News

Biplab Chatterjee

“আমি মারা যাইনি, বেঁচে আছি!”, নিজের মৃত্যুর ভুয়ো খবরে ফেটে পড়লেন বিপ্লব চট্টোপাধ্যায়

"পর্দায় ভিলেনের অভিনয় করেছি, কিন্তু রাজনেতাদের থেকে খারাপ নই!", মৃত্যুসংবাদের মোক্ষম জবাবে সরব বর্ষীয়ান অভিনেতা!

Biplab Chatterjee Death Hoax Senior Bengali Actor Responds

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: সোশাল মিডিয়ার যুগে কোনও যাচাই না করেই মিথ্যা ও ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার প্রবণতা নজিরবিহীন আকার ধারণ করেছে। এবার সেই অনভিপ্রেত ঘটনার শিকার হলেন টালিগঞ্জের বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। সম্প্রতি সোশাল প্ল্যাটফর্মে প্রবীণ এই অভিনেতার ছবি পোস্ট করে তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয়, যা দেখে শোকস্তব্ধ হয়ে পড়েন হাজার হাজার অনুরাগী। অবশেষে নিজের মৃত্যুর খবর ভিত্তিহীন প্রমাণিত করে নিজেই মুখ খুললেন বিপ্লব চট্টোপাধ্যায়। সম্পূর্ণ সুস্থ আছেন জানিয়ে প্রতিক্রিয়া দেওয়ার পাশাপাশি রাজনৈতিক নেতাদের নাম টেনে নিজস্ব ভঙ্গিতে চরম কটাক্ষ করলেন তিনি।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার, যখন কোনও এক সোশাল মিডিয়া ব্যবহারকারী বিপ্লব চট্টোপাধ্যায়ের ছবির নিচে ‘প্রয়াত’ লিখে এক বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করেন। মুহূর্তের মধ্যে সেই পোস্ট দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং একের পর এক ব্যবহারকারী তা শেয়ার করে শোক প্রকাশ করতে থাকেন। বিষয়টিকে ঘিরে তীব্র জলঘোলা শুরু হলে মঙ্গলবার সন্ধ্যায় ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স’-এর তরফে দ্রুত একটি বিবৃতি জারি করা হয়। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয় যে, বিপ্লব চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন; তাঁর মৃত্যুর খবরটি নিছকই রটনা ও সম্পূর্ণ ভুয়ো।

এর পরপরই একটি ভিডিও বার্তার মাধ্যমে সোশাল মিডিয়ায় হাজির হন স্বয়ং অভিনেতা। কড়া ভাষায় সোশাল মিডিয়ার এই মানসিকতাকে ‘শিক্ষার অভাব’ আখ্যা দিয়ে তিনি বলেন, “একটা খবর চারদিকে ছড়িয়ে পড়েছে যে আমি নাকি মারা গিয়েছি। মারা তো একদিন যাবই, তবে ঈশ্বর যতদিন পৃথিবীতে রেখেছেন, ততদিন থাকব। যে বা যাঁরা এই ধরণের কাজ করেছেন, দয়া করে এগুলো বন্ধ করুন। চট করে কাউকে মৃত বলে ঘোষণা করে দেবেন না। শুধু আমার নয়, কোনও মানুষকে নিয়েই এমন দায়িত্বজ্ঞানহীন পোস্ট করার আগে ভাবা উচিত।”

তবে ভিডিওর শেষাংশে নিজের চিরপরিচিত রসিকতা ও চাঁচাছোলা মেজাজে খলনায়কের ভূমিকায় খ্যাত এই অভিনেতা যোগ করেন, “পর্দায় আমাকে আপনারা বহু বদমায়েশের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অনেকে আমাকে বাস্তব জীবনেও খারাপ লোক বলেই চেনেন। কিন্তু একটা কথা নিশ্চিতভাবে বলছি, আমি কোনও রাজনৈতিক নেতার মতো অতটা খারাপ নই!” বিপ্লব চট্টোপাধ্যায়ের এই মন্তব্য ও ভুয়ো খবরের বিরুদ্ধে কড়া জবাব বর্তমানে বিনোদন জগতে চরম চর্চার বিষয় হয়ে উঠেছে।