চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: টলিউডে দীর্ঘদিনের ‘ব্যান’ বা বয়কট সংস্কৃতির অবসান ঘটাতে বড়সড় সাফল্য পেলেন সুপারস্টার দেব। অভিনেতা রাহুলের অকাল প্রয়াণের পর ইন্ডাস্ট্রিকে একজোট করার যে ডাক দেব দিয়েছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে ৭২ ঘণ্টা পার হওয়ার আগেই তার ইতিবাচক সমাধান মিলল।
মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওর বৈঠকের পর দেব সামাজিক মাধ্যমে ৭২ ঘণ্টার একটি ‘কাউন্টডাউন’ পোস্ট করে জানিয়েছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কথা দিয়েছেন যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনা করে নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরানো হবে। সেই রেশ ধরেই এদিন ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’ বা পরিচালক গিল্ড একটি চিঠি দিয়ে এই সমস্যার সমাধানে সায় দিয়েছে।
পরিচালকদের এই ইতিবাচক পদক্ষেপের পর দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই চিঠিটি শেয়ার করে গিল্ডকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, “আমার অনুরোধকে গুরুত্ব দিয়ে দেখার জন্য পরিচালক গিল্ডকে আন্তরিক শুভেচ্ছা। এই উদ্যোগ আমাকে একজন সহকর্মী হিসেবে অপরিসীম আনন্দ দিয়েছে।”
রাহুলের মৃত্যুর ঘটনার পর টলিপাড়ার একাংশ উপলব্ধি করেছিল যে, কাজ করতে না পাওয়া একজন শিল্পীর জন্য কতটা যন্ত্রণাদায়ক। সেই জায়গা থেকেই দেব সওয়াল করেছিলেন যে, ফেডারেশন বা আর্টিস্ট ফোরাম যাই হোক না কেন, এখন থেকে টলিউড একটাই ছাদের নিচে থাকবে এবং কোনও শিল্পীকে আর ব্রাত্য করে রাখা হবে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তৎপরতায় এই ‘ব্যান’ কালচার মুছে যাওয়ার পথে হাঁটায় খুশির হাওয়া টলিপাড়ায়।