Bangla Jago TV Desk : এ যেন বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের দ্বৈরথ। ম্যাচ ঘিরে হাইপ থাকে প্রচুর। কিন্তু, মাঠে একতরফা ম্যাচ জিতে নেয় ভারত। ঠিক তেমনই হল অ্যানিম্যাল ও স্যাম বাহাদুরের লড়াইয়ে। দুটি ছবিই মুক্তি পেয়েছে পয়লা ডিসেম্বর। আর প্রথম দিনের বক্স অফিসের লড়াইয়ে ভিকি কৌশলের স্যাম বাহাদুরকে গুনে গুনে দশ গোল দিল রণবীর কাপুরের অ্যানিম্যাল।ছবির অগ্রিম বুকিংয়ে রিলিজের আগেই রেকর্ড গড়েছিল ছবিটি। আর এবার মুক্তির প্রথমদিনেও সেই একই ট্রেন্ড বজায় রাখল অ্যানিমেল। খবরের সূত্র অনুযায়ী পয়লা দিনের বক্স অফিস কালেকশনে ‘স্যাম বাহাদুর’-এর থেকে দশ গুণ বেশি আয় করেছে ‘অ্যানিম্যাল’।
মেঘনা গুলজার পরিচালিত সিনেমা যেখানে দেশে ৬ কোটি টাকা আয় করেছে, সেখানে ওপেনিংয়েই প্রায় ৬০ কোটি টাকা ঢুকেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার-এর ‘অ্যানিম্যাল’-এর ঘরে। যা রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারে এখনও পর্যন্ত রেকর্ড ওপেনিং হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, গোটা বিশ্বের নিরিখে রণবীরের অ্যানিমেল-এর কালেকশন প্রথম দিনেই ছুঁয়ে ফেলল ১০০কোটির ল্যান্ডমার্ক। বক্সঅফিসে প্রথমদিনের আয়ে শাহরুখ-সলমনের ছবিকেও পিছনে ফেলল অ্যানিম্যাল। প্রসঙ্গত, শাহরুখ খানের পাঠান ভারতীয় বক্স অফিসে প্রথমদিনে আয় করেছিল ৫৭ কোটি টাকা আর সলমন খানের টাইগার থ্রির কালেকশন ছিল প্রায় ৪৫ কোটি টাকা। সেখানে ইতিমধ্যেই অ্যানিমেল-এর ভাঁড়ারে এসেছে ৬০ কোটি।
ভারতীয় ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-এর বায়োপিক তৈরি করেছেন পরিচালক মেঘনা গুলজার। এই ছবির জন্য প্রচুর কসরত করেছেন অভিনেতা ভিকি কৌশল। নিজের লুক নিয়েও প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন তিনি। কিন্তু, তাঁর অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে গেলেও বক্স অফিসে ঝড় তুললেন রণবীর কাপুর। এই ছবিতে কখনো তিনি বাবাঅন্ত প্রাণ ছেলে, আবার কখনো যত্নশীল দাদা, পরক্ষণেই আবার দায়িত্ব পরায়ণ স্বামী, যে কিনা তাঁর পরিবারের উপর আঘাতের মোকাবিলা করতে প্রস্তুত। এমনকি এর জন্য জীবন দিতেও পিছপা নন। নিজের ফিল্মি কেরিয়ারে এই ধরণের চরিত্রগুলি আগে করলেও এই ছবি ট্রিটমেন্টগত ভাবে একেবারে আলাদা। আর এখানেই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার। আর এতেই মজেছে বলিউডের দর্শক।
FREE ACCESS