ad
ad

Breaking News

Alia Bhatt

ফিটনেসে নো আপস! মা হওয়ার পর কীভাবে নিজেকে টোনড রাখছেন আলিয়া?

ভিডিয়োটি শেয়ার করেছেন আলিয়ার ফিটনেস প্রশিক্ষক কর্ণ সাওনি

Alia Bhatt Viral Fitness Video Wows Fans

চিত্র- সংগৃহীত

AK Bangla Digital: মা হওয়ার পরেও ফিটনেসে কোনও রকম আপস করেননি বলিউড অভিনেত্রী আলিয়া ভাট । বরং সময়ের সঙ্গে আরও কঠোর হয়েছে তাঁর শরীরচর্চার রুটিন। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর একটি ওয়ার্কআউট ভিডিও, যা ইতিমধ্যেই ভাইরাল। কঠিন শারীরিক অনুশীলন অনায়াসে সম্পন্ন করতে দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। ভিডিয়োটি শেয়ার করেছেন আলিয়ার ফিটনেস প্রশিক্ষক কর্ণ সাওনি। সেখানে প্রথমে তাঁকে একটি বিশেষ ধরনের ব্যায়াম করে দেখাতে দেখা যায়। এরপর একই অনুশীলন নিখুঁতভাবে করে দেখান আলিয়া। দড়ির সাহায্যে করা এই বিশেষ স্কোয়াট অনুশীলনে যেমন শরীরের ভারসাম্য বজায় রাখা জরুরি, তেমনই প্রয়োজন পায়ের শক্তিশালী পেশি ও নিয়ন্ত্রণ। পুরো অনুশীলনেই আত্মবিশ্বাসী এবং মনোযোগী ছিলেন অভিনেত্রী।

শুধু শরীরচর্চাই নয়, তাঁর সরল উপস্থিতিও নজর কেড়েছে। ওয়ার্কআউটের সময় আলিয়ার পরনে ছিল একটি হল্টার-নেক ক্রপ টপ এবং কালো শর্টস। চুল খোঁপা করে বাঁধা, মুখে ছিল না কোনও সাজসজ্জা। আরামদায়ক পোশাকেই অনুশীলনে মন দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ‘জিগরা’ ছবিতে অ্যাকশন দৃশ্যের জন্য প্রশংসিত হয়েছিলেন আলিয়া। সম্প্রতি মুক্তি পাওয়া ‘আলফা’ ছবির প্রস্তুতির সময়ও তিনি কঠোর ফিটনেস রুটিন মেনে চলেছিলেন। নতুন ভিডিও সেই ধারাবাহিক প্রস্তুতিরই এক ঝলক তুলে ধরেছে। কাজের ব্যস্ততা, নতুন ছবির প্রস্তুতি এবং মাতৃত্ব—সবকিছুর মধ্যেও নিজের শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে কোনও আপস করেন না আলিয়া। তাঁর এই নিষ্ঠা ও ধারাবাহিকতা বহু অনুরাগীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া ‘আলফা’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে সেই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি আলিয়া ভাট ।