চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট’ হিসেবে যে যাত্রা শুরু হয়েছিল, এক দশকের মধ্যেই আলিয়া ভাট এখন বলিউডের অঘোষিত ‘ক্যুইন’। ‘হাইওয়ে’ থেকে ‘গাঙ্গুবাঈ’— অভিনয়ের জাদুতে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে শুধু পর্দার সামনে নয়, পর্দার পেছনেও প্রযোজক হিসেবে এখন তিনি অপ্রতিরোধ্য। নতুন বছরে কাপুর পরিবারের এই গ্লোবাল ঘরণী নিয়ে আসছেন এক ঝকঝকে রোম্যান্টিক চমক। নিজের প্রযোজনা সংস্থা ‘এটারনাল সানসাইন’-এর ব্যানারে এবার তিনি তুলে ধরবেন বর্তমান প্রজন্মের প্রেম, শরীরী আকর্ষণ আর মন ভাঙার গল্প।
View this post on Instagram
শুক্রবার এক দারুণ কায়দায় নিজের নতুন ছবির ঘোষণা সারলেন আলিয়া। অভিনেত্রী-প্রযোজকের স্পষ্ট কথা, রোম্যান্স নিয়ে লুকোছাপার দিন শেষ, কারণ এতে লজ্জার কিছু নেই! আলিয়ার এই সাহসী বার্তার মধ্যেই লুকিয়ে ছিল ছবির নাম। জানা গেল, তাঁর নতুন এই সিনেমার নাম ‘ডোন্ট বি শাই’। ২০ বছরের এক তরুণীর ‘পিকচার পারফেক্ট’ জীবন কীভাবে এক আচমকা ঘটনায় ওলটপালট হয়ে যায়, সেই নিয়েই এগিয়েছে শ্রীতি মুখোপাধ্যায়ের লেখা ও পরিচালিত এই ছবির গল্প।
আলিয়ার দিদি শাহিন ভাটও এই ছবির অন্যতম প্রযোজক। আলিয়া জানালেন, বয়ঃসন্ধির প্রেম থেকে শুরু করে শরীরী রসায়ন কিংবা বিরহ— সব রকম মুখরোচক মশলায় ঠাসা এই সিনেমাটি দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওর পর্দায়। সাধারণত প্রযোজকরা যখন বক্স অফিসের কোটির হিসেব কষতে ব্যস্ত থাকেন, আলিয়া তখন হাঁটছেন উল্টো পথে। তিনি সবসময় বিষয়বস্তু বা কন্টেন্টকেই গুরুত্ব দেন। এর আগে তাঁর প্রযোজনায় গার্হস্থ্য হিংসার ওপর ‘ডার্লিং’ বা হাতি নিধন নিয়ে তৈরি বাস্তবধর্মী সিরিজ ‘পোচার’ সেই সাক্ষ্যই দেয়। এবার আর গম্ভীর সামাজিক ইস্যু নয়, বরং তরুণ প্রজন্মের মনের অন্দরের কথা বলবে ‘ডোন্ট বি শাই’। বক্স অফিসের ইঁদুর দৌড়ে শামিল না হয়ে সৃজনশীল ভাবনায় আলিয়ার এই নতুন ছক্কা এখন দেখার অপেক্ষায় ভক্তরা।