চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: রবিবাসরীয় সকালে খুশির খবর শোনালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা রাজারহাট-গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, মা এবং নবজাতক দু’জনেই বর্তমানে সুস্থ রয়েছেন। অদিতির মা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া তাঁর অনুরাগী মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলে। বিধায়কের স্বামী তথা বিধাননগর পুরনিগমের কাউন্সিলর ও মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীও এই নতুন সদস্যের আগমনে দারুণ উচ্ছ্বসিত।
২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন অদিতি ও দেবরাজ। পেশায় দেবরাজ একজন দাপুটে যুবনেতা হলেও অদিতির পরিচিতি মূলত তাঁর ভক্তিগীতির জাদুতে। একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মাধ্যমে সাধারণ মানুষের ড্রয়িংরুমে পৌঁছে যাওয়া অদিতি ২০২১ সালে পা রাখেন সক্রিয় রাজনীতিতে। এরপর থেকে গানের মঞ্চ এবং বিধানসভার দায়িত্ব—উভয়ক্ষেত্রেই সমান দক্ষতায় বিচরণ করেছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের বিচারকের আসনে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর গত কয়েক মাস মাতৃত্বকালীন ছুটিতেই ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনের এই বিশেষ পর্যায়টি নিয়ে শুরু থেকেই কিছুটা গোপনীয়তা বজায় রেখেছিলেন তারকা দম্পতি।
অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার সকাল ১০টা নাগাদ তাঁদের কোলে এল প্রথম সন্তান। অদিতির এই বিশেষ মুহূর্তে তাঁকে ও দেবরাজকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন সহকর্মী এবং সাধারণ মানুষ। আপাতত কিছুদিন রাজনীতির ময়দান এবং গানের জগত থেকে দূরে থেকে সম্পূর্ণ বিশ্রামে থাকবেন শিল্পী। পরিবারে নতুন অতিথির আগমনে অদিতির রাজারহাটের বাসভবনে এখন শুধুই উৎসবের মেজাজ।