চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের বিয়ের আসর ঘিরে এখন সরগরম মায়ানগরী। বৃহস্পতিবার মুম্বইয়ের এক অভিজাত অনুষ্ঠানে শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অর্জুন। প্রাক-বিবাহ অনুষ্ঠানের মতোই বিয়ের মূল পর্বেও ছিল তারকাদের চাঁদের হাট। তবে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল বচ্চন পরিবার। দীর্ঘদিনের পারিবারিক বিবাদ এবং অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স জল্পনার অবসান ঘটিয়ে এদিন অমিতাভ-জয়া এবং অভিষেক-ঐশ্বর্যকে একই ফ্রেমে দেখা গেল, যা ভক্তদের মনে স্বস্তি ফিরিয়েছে।
View this post on Instagram
গত দেড় বছর ধরে বচ্চন পরিবারের অন্দরের কলহ নিয়ে বলিপাড়ায় গুঞ্জনের শেষ ছিল না। বিশেষ করে জয়া ও অমিতাভ বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনকে কোনো হাই-প্রোফাইল অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছিল না। তবে অর্জুনের বিয়ের আসরে যাবতীয় মান-অভিমান ভুলে পুরো পরিবারকে একজোট হতে দেখা গেল। অভিষেক ও ঐশ্বর্য একে অপরের হাতে হাত রেখে অনুষ্ঠানে প্রবেশ করেন, যা ক্যামেরাবন্দি করতে ভুল করেননি ছবিশিকারীরা। অন্যদিকে জয়া ও অমিতাভ বচ্চনও নজর কাড়েন তাঁদের বিশেষ পোশাকে। নেটদুনিয়ায় এই পুনর্মিলনের ছবি এখন দাবানলের মতো ভাইরাল।
অর্জুন ও সানিয়ার এই নতুন ইনিংসের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন ক্রীড়া ও বিনোদন জগতের দিকপালরা। মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাসকর, বীরেন্দ্র শেহবাগ, যুবরাজ সিং থেকে শুরু করে রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলের মতো ক্রিকেট তারকারা সপরিবারে নবদম্পতিকে আশীর্বাদ জানাতে হাজির হন। আমন্ত্রিতদের তালিকায় আরও ছিলেন আকাশ আম্বানি ও শ্লোকা মেহেতা। এছাড়াও বলিউড থেকে রাজকুমার হিরানি, ফারহান আখতার ও শঙ্কর মহাদেবনের মতো ব্যক্তিত্বরা বিয়ের জৌলুস আরও বাড়িয়ে তোলেন। সব মিলিয়ে শচীনপুত্রের বিয়ের অনুষ্ঠানটি কেবল একটি বিবাহ উৎসব নয়, বরং তারকাদের মহামিলন মেলায় পরিণত হয়েছিল।