চিত্রঃ সংগৃহীত
AK Bangla 24×7 Digital: দীর্ঘদিন ধরে প্রচলিত একটি ধারণায় এবার ইতি টানলেন বলিউড অভিনেতা আমির খান। তাঁর স্পষ্ট বক্তব্য, ২০০৯ সালের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর ফুনসুখ ওয়াংডু (র্যাঞ্চো) চরিত্রটি সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের জীবন অবলম্বনে তৈরি নয়। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এক প্রশ্নোত্তর পর্বে আমির বলেন, ছবির চিত্রনাট্য যখন লেখা হচ্ছিল, তখন তিনি বা ছবির নির্মাতাদের কেউই সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না। তাই ‘থ্রি ইডিয়টস’ তাঁর জীবন থেকে অনুপ্রাণিত—এই ধারণা সম্পূর্ণ ভুল।
আমির বলেন, “অনেকেরই ভুল ধারণা রয়েছে যে ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনের উপর ভিত্তি করে তৈরি। এটা সত্যি নয়। ছবির চিত্রনাট্য লেখার সময় আমরা তাঁর সম্পর্কে কিছুই জানতাম না, আমিও ব্যক্তিগতভাবে তাঁকে চিনতাম না।” সম্প্রতি ‘থ্রি ইডিয়টস’-এ ‘চতুর রামালিঙ্গম’-এর চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য একটি ভিডিও বার্তায় সোনম ওয়াংচুকের আন্দোলনের সমর্থনে বক্তব্য রাখেন এবং দাবি করেন, ছবির র্যাঞ্চো চরিত্রটি ওয়াংচুককে কেন্দ্র করেই তৈরি। সেই প্রসঙ্গেই আমির বলেন, “চতুর যা বলেছে, তা সঠিক নয়।”
তবে সিনেমার সঙ্গে কোনও সম্পর্ক না থাকলেও সোনম ওয়াংচুকের কাজের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আমির। তাঁর কথায়, “সোনম ওয়াংচুক যে কাজ করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁকে সম্মান জানাতে ‘থ্রি ইডিয়টস’-এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকার প্রয়োজন নেই।”
বর্তমানে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, প্রশ্নফাঁস রোধ এবং জবাবদিহির দাবিতে তিনি এই আন্দোলন শুরু করেছেন। টানা অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ইতিমধ্যেই তাঁর ওজন ৮ থেকে ৯ কেজি কমেছে এবং রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা উদ্বেগজনকভাবে নেমে গেছে। এই পরিস্থিতিতে আমির খানও ওয়াংচুকের স্বাস্থ্যের প্রতি উদ্বেগ প্রকাশ করে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। তাঁর মতে, ওয়াংচুকের জীবন অত্যন্ত মূল্যবান এবং তিনি সুস্থ থেকে সমাজের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন।