Bangla Jago Desk: ফের শীতের মরশুমে সিনেমায় ভাসতে চলেছে শহরবাসী। ৫-ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতাজি ইন্ডোরে এক বর্ণাঢ অনুষ্ঠানের মধে দিয়ে বিকেল ৪টায় শুরু হবে এবারের ফিল্মের উৎসব। উপস্থিত থাকবেন বলিউডের ভাইজান সলমন খান। এই প্রথমবার এই চলচ্চিত্র উৎসবে পা রাখবেন তিনি। এছাড়াও অনিল কাপুর, দক্ষিণি সুপারস্টার কমল হাসান,শত্রুঘ্ন, সোনাক্ষী সিনহা, পরিচালক মহেশ ভাট এবং বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।বুধবার শিশির মঞ্চে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই কথা জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তম কুমার ও তনুজা অভিনীত সুপারহিট ছবি দেয়া-নেয়া।এবারে নন্দনসহ মোট ২৩টি প্রেক্ষাগৃহে দেখানো হবে উৎসবের ছবি। তবে, এই প্রথমবার কিছু মাল্টিপ্লেক্স ও প্রাচী,বিজলীর মতো সিঙ্গল স্ক্রিনে দেখানো হবে ছবিগুলি। এ বছরের চলচ্চিত্র উৎসবের ক্যাচলাইন ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’। ফোকাস কান্ট্রি হল স্পেন ও অস্ট্রেলিয়া। এবছর মোট ৪৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হবে।এরমধ্যে রয়েছে ১৬৯ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে তাঁর পরিচালিত ৭টি ছবি প্রদর্শিত হবে সেন্টিনারি ট্রিবিউট বিভাগে। এছাড়াও বিভিন্ন দেশের স্বীকৃত ৩৯টি ছবি দেখানো হবে এবারের উৎসবে।
এদিন ফিল্ম সিলেকশন কমিটির সভাপতি শ্রী গৌতম ঘোষ জানান যে ইন্টার ন্যাশনাল কম্পিটিশন বিভাগে ১৩টা ছবি দেখানো হবে।তাই, “সিনেমা দেখার প্রস্তুতি শুরু করে দিন। বেছে নিন কোন কোন সিনেমা দেখতে যাবেন। কোন সিনেমা মন দিয়ে দেখবেন।” এবছর চলচ্চিত্র উৎসবের টাইটেল সং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় ও পরিকল্পনায় তৈরি হয়েছে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। এদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস, বীরবাহ হাঁসদা, ইন্দ্রনীল সেন, উৎসব কমিটির সভাপতি রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, চিরঞ্জীত চক্রবর্তী, চিত্র পরিচালক অরিন্দম শীলসহ টলিউডের অনেক কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ দিন ফিল্ম ফেস্টিভ্যালের লোগোরও উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানের শেষে উৎসবের বুকলেট ও গোল্ডেন Royal Bengal trophy-র উদ্বোধন করা হয়। আগামি ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিনেমা দেখার উৎসব।তাই, বুধবার সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঢাকে যে কাঠি পড়ে গেল তা আর বলার অপেক্ষা রাখে না।
Free Access