গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনা অবিজেপি শাসিত রাজ্যে ঘটলে তোলপাড় করে দেয় বিজেপি। নানা ভাবে প্রশাসনকে নিশানা করা হয়। এই রাজ্যে আরজি কর সহ অন্য ঘটনায় একই ভূমিকা দেখা গিয়েছিল বিজেপির। অথচ বিজেপি শাসিত কোনও রাজ্যে এমন ঘটনা ঘটলে সেই বিজেপি একেবারেই চুপ করে থাকে। কোনও কথা বলে না। ভাবখানা এমন, বিজেপি শাসিত রাজ্য সেই ঘটনা যেন স্বাভাবিক ঘটনা! সদ্য বিহারে ঘটে গিয়েছে একটি নারকীয় ঘটনা। যে ঘটনা নিয়ে চুপ বিজেপি।
চিকিৎসা না পেয়ে বিহারের মুজাফফরপুরে ধর্ষণের শিকার দলিত নাবালিকার মৃত্যু হয়। গত ২৬ মে বিহারের মুজাফফরপুরে নিজের গ্রামে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। খাবারের প্রলোভন দেখিয়ে ভুট্টা খেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের পরে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয়। এমনকি গলা কাটা হয় নাবালিকার। পুকুরের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এরপর দ্রুত ওই নাবালিকাকে মুজাফফরপুরের শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে পরে তাকে পাটনা সরকারি হাসপাতালে রেফার করা হয়।
সেই মতো নাবালিকাকে নিয়ে যাওয়া হয় পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ, হাসপাতালে বেড না থাকায় অ্যাম্বুল্যান্সেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। চিকিৎসা না পেয়ে রবিবার মৃত্যু হয় তার। পরিবার অভিযোগ তুলে বলে, সঠিক সময়ে চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত নাবালিকাকে। এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ চালাচ্ছে বিরোধীরা।
কেন তাদের প্রশাসনের ওপর এই অভিযোগ উঠছে, তা নিয়ে কোনও সাফাই দিতে দেখা যাচ্ছে না বিজেপিকে। অথচ বিজেপি নেতারাই নারী সুরক্ষা নিয়ে নানা কথা বলেন। যদি তারা সত্যিই নারীদের নিয়ে উদ্বিগ্ন হতেন, তা হলে হয়তো এমন ঘটনা ঘটত না। দুর্ভাগ্যজনক এই ঘটনা যদি অবিজেপি শাসিত কোনও রাজ্যে ঘটতো, তা হলে এটা নিশ্চিত যে প্রতিবাদের নামে রাজনীতি করতে মাঠে নেমে পড়তো বিজেপি। কিন্তু, নিজেদের বেলায় অন্য ভূমিকা।