ad
ad

Breaking News

Supreme Court

ইডি-র ভূমিকায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘ইডি সংবিধানেরও তোয়াক্কা করছে না। সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি’।

Supreme Court not satisfied with ED's role

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। বিশেষ করে অবিজেপি শাসিত রাজ্যগুলি বারবার এই অভিযোগে সরব হয়েছে। সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এবার সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হল। ইডি তার আইনসঙ্গত এক্তিয়ারের সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেও আঘাত করছে। তামিলনাড়ু সরকারের করা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই ভাবে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘ইডি সংবিধানেরও তোয়াক্কা করছে না। সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি’। সম্প্রতি তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (তাসম্যাক) নামে রাজ্য সরকার অধীনস্থ সংস্থার বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। মাদ্রাজ হাই কোর্ট ওই মামলার তদন্তভার দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে। তদন্তের দায়িত্ব পেয়েই ইডি তাসম্যাকের দফতরে হানা দেয়। গোটা সংস্থার বিরুদ্ধেই মামলা দায়ের করছে ইডি। যা নিয়ে ক্ষুব্ধ শীর্ষ আদালত।

ইডি-র বিরুদ্ধে তাসম্যাক এবং তামিলনাড়ু সরকারের করা মামলায় সুপ্রিম কোর্টের বক্তব্য, ‘একটা গোটা সংস্থার বিরুদ্ধে কীভাবে ফৌজদারি মামলা দায়ের হতে পারে? কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত ছিল। আপনাদের তদন্ত তো সমস্ত সীমা ছাড়াচ্ছে।’ এই মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা।’

দুর্নীতির অভিযোগে ইডি যে তদন্ত করছিল তাতে স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। যে সংস্থাই হোক না কেন কেউ তার এক্তিয়ারের বাইরে যেতে পারে না। সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে স্মরণ করিয়ে দিল দেশের শীর্ষ আদালত। বিরোধীরা বারবার এই ইডি-কে নিয়ে অভিযোগ তুলে বলেছে যে, কেন্দ্রের সরকারের অঙ্গুলিহেলনে চলে এই সংস্থা। যেমন নির্দেশ আসে তেমন ভাবে সক্রিয় হয়। এটা যে স্রেফ অভিযোগ নয়, তা একাধিকবার দেখা গিয়েছে। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে ইডি-র অতিসক্রিয়তা সেটা প্রমাণ করে।