ad
ad

Breaking News

জঙ্গল মহলকে বদলে দিতে চায় সরকার

সরকার জঙ্গলমহলের ৭৫টি ব্লকের উন্নয়নের জন্য বাজেটে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

cm-suvendu-adhikari-announces-1200-crore-budget-jangal-mahal

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় অনেক পিছিয়ে জঙ্গল মহল এলাকা। আদিবাসী অধ্যুষিত এলাকায় এখনও অনেক জায়গায় রয়ে গিয়ে অনুন্নয়ন। সব জায়গায় পৌঁছয়নি পর্যাপ্ত সরকারি পরিষেবা। তবে এটাও ঠিক যে, বর্তমানে জীবনযাপন আগের থেকে অনেক উন্নত হয়েছে জঙ্গল মহলের আদিবাসীদের। রাজ্যের নতুন বিজেপি সরকার এই জঙ্গল মহলে আরও বেশি করে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। যা নিশ্চিত করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গল হুল দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বাকুড়ার মুকুটমনিপুর।

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তিনি এখানে আসেন। জঙ্গলমহলের উন্নয়নে তাঁর সরকার কী কী পদক্ষেপ করেছে সেই কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তাঁর সরকার জঙ্গলমহলের ৭৫টি ব্লকের উন্নয়নের জন্য বাজেটে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। মুকুটমণিপুরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘শুনলে অবাক হবেন, ২০২৫-২৬ অর্থবর্ষে মাত্র ৬ কোটি টাকার কাজ হয়েছে জঙ্গলমহলের ৭৫টি ব্লকে। আমরা এ বারে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছি বাজেটে। এই জঙ্গলমহলের ৭৫টি ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। স্বাস্থ্যকেন্দ্র সাজাব। জল পৌঁছে দেব।

কমিউনিটি হল বানাব। আমাদের বৃহত্তর পরিকল্পনা আছে। এই সমগ্র এলাকা, পুরুলিয়া ও বাঁকুড়াকে আগামী দিনে আমরা উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব।’ মুকুটমণিপুরকেও আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর, আদিবাসীকল্যাণ দফতর এবং পর্যটন দফতর মিলে মুকুটমণিপুরকে আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। এখানে পরিকাঠামোগত অনেক খামতি রয়েছে। তা দেখা হবে। আমাদের ১৭ জন আদিবাসী বিধায়ক রয়েছেন। এ বার আমরা ঋণশোধ করব।’ মুকুটমনিপুর থেকে মুখ্যমন্ত্রী যা বলেন, তাতে এটা পরিষ্কার যে তাঁর সরকার আরও বিশেষ ভাবে নজর দিচ্ছে জঙ্গল মহলে। সরকারের সব পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তা হলে বলা যায়, আরও বদলে যাবে জঙ্গল মহলের মানুষের জীবনযাত্রা। রাজ্যের অন্য জায়গার মতো উন্নয়নের সব সুফল পেলে এবার দেখা যাবে অন্য জঙ্গল মহল। আর সেটাই চাইছে রাজ্যের নতুন সরকার।